তথ্যপ্রযুক্তি ডেস্ক
১০ অক্টোবর ২০২৬, ১১:৫৪ এএম
অ্যাপলের ফোল্ডেবল ফোন বাজারে আসতেই ক্রেতাদের মধ্যে তা কেনার জন্য বেশ হিড়িক পড়ে গিয়েছে। কিন্তু আইফোনের আকাশছোঁয়া দাম শুনে অনেকেরই সাধ থাকলেও তা কেনার সুযোগ হয়ে ওঠে না। তবে যারা একটু কম দামে প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোন কিনতে চাইছেন, তাদের জন্য দুর্দান্ত বিকল্প নিয়ে হাজির হয়েছে ভিভো। ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা আরও বাড়াতে ভারতে নতুন ভিভো এক্স ফোল্ড সিক্স লঞ্চ করেছে ভিভো। বড় ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর, ২০০ মেগাপিক্সেল ক্যামেরা এবং বিশাল ৬৯০০ এমএএইচ ব্যাটারি—সব মিলিয়ে ফোনটি প্রিমিয়াম সেগমেন্টে স্যামসাং ও অ্যাপলের মতো ব্র্যান্ডের সঙ্গে জোরালো টক্কর দিতে প্রস্তুত।
নতুন এই ফোল্ডেবল স্মার্টফোনে রয়েছে ৮.০২ ইঞ্চির ফোল্ডেবল ডিসপ্লে এবং বাইরে রয়েছে ৬.৫১ ইঞ্চির কভার ডিসপ্লে। দুটি স্ক্রিনেই ব্যবহার করা হয়েছে ১২০ হার্জ এলটিপিও অ্যামোলেড প্যানেল, যা স্ক্রলিং ও অ্যানিমেশনকে অত্যন্ত মসৃণ করে তোলে। ফোনটিতে প্রিমিয়াম গ্লাস এবং মেটাল অ্যালয় ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ধুলো ও জলের বিরুদ্ধে সুরক্ষার জন্য এতে আইপি ৫৯ রেটিংও দেওয়া হয়েছে।
আরও পড়ুন: পুরনো ফোনের ক্যামেরা দিয়ে বানিয়ে নিন ওয়েবক্যাম
পারফরম্যান্সের দিক থেকে ফোনটিতে রয়েছে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০ডব্লিউ সুপার এডিশন চিপসেট। এর সঙ্গে দেওয়া হয়েছে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ। সফটওয়্যারের ক্ষেত্রে ফোনটি অরিজিন ওএস সেভেন দ্বারা পরিচালিত হয়। ফলে মাল্টিটাস্কিং ও দ্রুত কাজ করার সময় ফোনটি দারুণ পারফরম্যান্স দেয়।
ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনটিতে রয়েছে বড় আপগ্রেড। এর পেছনে তিনটি ক্যামেরা রয়েছে, যার মধ্যে রয়েছে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। প্রধান ক্যামেরায় এফ বাই ১.৬৮ অ্যাপারচার, ওআইএস এবং থ্রি এক্স অপটিক্যাল জুম রয়েছে। এ ছাড়া ভিভোর বিশেষ ক্যামেরার প্রযুক্তি কম আলোতেও চমৎকার ছবি তুলতে সাহায্য করে।
ফোনটির অন্যতম বড় আকর্ষণ হলো এর ৬৯০০ এমএএইচ ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং এবং ৪০ ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। ভারতে ভিভো এক্স ফোল্ড সিক্স মডেলটির দাম রাখা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৯৯৯ রুপি। ফোনটি ব্ল্যাক ও টিল রঙে বাজারে উপলব্ধ করা হয়েছে।
এজেড