তথ্যপ্রযুক্তি ডেস্ক
১০ অক্টোবর ২০২৬, ১০:৪৯ এএম
হোয়াটসঅ্যাপে প্রতিদিন কত ছবি, ভিডিও, অডিও এবং ডকুমেন্ট আসে তার সঠিক হিসাব রাখা প্রায় অসম্ভব। বিশেষ করে একাধিক গ্রুপে যুক্ত থাকলে অজান্তেই ফোনের স্টোরেজ দ্রুত ভরে যায়। অপ্রয়োজনীয় ফাইলের ভিড়ে ফোনের জায়গা কমে যাওয়ার এই সমস্যা এড়ানোর জন্য হোয়াটসঅ্যাপের একটি সাধারণ সেটিংস পরিবর্তন করেই চমৎকার ফল পাওয়া সম্ভব।
এই সমস্যার সমাধান করতে প্রথমে নিজের ফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করে সেটিংস বিভাগে যেতে হবে। সেখানে স্টোরেজ অ্যান্ড ডাটা অপশনটি খুঁজে বের করে খুলতে হবে। এই বিভাগের ভেতরেই মিডিয়া অটো ডাউনলোড সংক্রান্ত সেটিংস পাওয়া যায়। এরপরে মিডিয়া অটো ডাউনলোড অংশে প্রবেশ করে মোবাইল ডেটা, ওয়াইফাই এবং রোমিংয়ের মাধ্যমে কোন ধরনের ফাইল স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে তা নিয়ন্ত্রণ করা যায়। অ্যাপের সংস্করণের ওপর ভিত্তি করে অপশনের নামে সামান্য পার্থক্য থাকতে পারে।
আরও পড়ুন: নতুন ফোনেও ২৬ বছরের পুরনো প্রযুক্তি! টাইপ-সি পোর্টের আসল সত্য জানুন
ছবি স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হওয়া বন্ধ করতে ফটোস অপশনে ট্যাপ করে নেভার অপশনটি বেছে নিতে হবে। একইভাবে ভিডিও, অডিও এবং ডকুমেন্টের ক্ষেত্রেও অটো ডাউনলোড বন্ধ করা সম্ভব। এর ফলে অপ্রয়োজনীয় ফাইলগুলো নিজে থেকে ডাউনলোড হবে না এবং ব্যবহারকারী নিজের ইচ্ছামতো ফাইল ট্যাপ করে ডাউনলোড করে নিতে পারবেন। চাইলে শুধু ওয়াইফাই ব্যবহারের সময় ছবি বা ভিডিও ডাউনলোডের অনুমতি দিয়ে মোবাইল ডেটা খরচও নিয়ন্ত্রণে রাখা যায়। আগের সেটিংসে ফিরে যাওয়ার প্রয়োজন হলে অটো ডাউনলোডের সেটিংস রিসেট করার বিকল্পও সেখানে পাওয়া যায়।
সব চ্যাটের ক্ষেত্রে একই নিয়ম বজায় রাখতে না চাইলে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গ্রুপের চ্যাট ওপেন করে বিশেষ ব্যবস্থা নেওয়া যায়। চ্যাটের উপরে থাকা নামের ওপর ট্যাপ করে প্রোফাইল বা গ্রুপের তথ্য অপশনে যেতে হবে। সেখানে সেভ টু ফটোস অপশন থাকলে সেটি খুলে ডিফল্ট অফ অথবা নেভার সিলেক্ট করে দেওয়া যায়। এতে নির্দিষ্ট ওই চ্যাটের ছবি ফোনের গ্যালারিতে বা ফটোস অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে সেভ হওয়া বন্ধ হয়ে যায়। অটো ডাউনলোড বন্ধ করা আর ফোনে ছবি সেভ হওয়া সম্পূর্ণ এক বিষয় নয়, তাই এই দুটি সেটিংস আলাদাভাবে পরীক্ষা করলে অপ্রয়োজনীয় ফাইল জমার ঝামেলা থেকে সহজেই মুক্ত থাকা যাবে।
এজেড