তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ পিএম
ফেসবুক অ্যাকাউন্টে নতুন ইমেইল আইডি যোগ করা, পুরনো ইমেইল ডিলিট বা পরিবর্তন করা এখন খুব সহজেই করা সম্ভব। ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ইমেইল আইডি ব্যবহার করা হয়, তা অনেক সময় পরবর্তী সময়ে পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। এছাড়া অ্যাকাউন্টে নতুন কোনো ইমেইল যুক্ত করা বা পুরনো আইডি মুছে ফেলার সুবিধাও রয়েছে। মেটা অ্যাকাউন্টস সেন্টারের মাধ্যমে খুব সহজেই নিজের ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ইমেইল আইডি ম্যানেজ করা যায়। এখান থেকেই যেকোনো ইমেইল খুব সহজে যোগ করা, মুছে ফেলা কিংবা পরিবর্তন করা সম্ভব।
ফেসবুকে নতুন ইমেইল যুক্ত বা পুরনো ইমেইল পরিবর্তন করতে হলে প্রথমে ফেসবুক ওপেন করে ওপরের ডানদিকে থাকা নিজের প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে। এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি নির্বাচন করে সরাসরি সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর অ্যাকাউন্টস সেন্টারে ক্লিক করতে হবে। এখানে প্রবেশ করলে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিগত বিবরণ বা পার্সোনাল ডিটেইলস ম্যানেজ করার অপশন পাওয়া যাবে।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে সন্দেহভাজন নম্বর থেকে কল-মেসেজ আসলে সতর্ক করা হবে
এরপর পার্সোনাল ডিটেইলসে ক্লিক করে কন্টাক্ট ইনফো অপশনটি ওপেন করতে হবে। এখান থেকেই মূলত ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ইমেইল আইডি যোগ বা মুছে ফেলার কাজ করা যায়। নতুন কোনো ইমেইল যোগ করতে চাইলে অ্যাড নিউ কন্টাক্টে ক্লিক করে অ্যাড ইমেইল অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। এরপর নতুন ইমেইল আইডি লিখে সেটি কোন অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে চান তা বেছে নিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ফেসবুক তখন প্রদত্ত ইমেইল ঠিকানায় একটি কনফার্মেশন কোড পাঠাবে। সেই কোডটি নির্দিষ্ট স্থানে লিখে নেক্সট এবং পরবর্তীতে ক্লোজ অপশনে ক্লিক করলেই নতুন ইমেইলটি সফলভাবে যুক্ত হয়ে যাবে।
যদি কোনো পুরনো ইমেইল আইডি অ্যাকাউন্ট থেকে মুছে ফেলতে চান, তবে কন্টাক্ট ইনফোতে গিয়ে সেই ইমেইল ঠিকানায় ক্লিক করতে হবে। এরপর ডিলিট ইমেইল সিলেক্ট করে আবার ডিলিটে ক্লিক করলে ফেসবুক নিরাপত্তার খাতিরে অ্যাকাউন্টের পাসওয়ার্ড পুনরায় চাইতে পারে। সঠিক পাসওয়ার্ড দিয়ে সাবমিট এবং ক্লোজ করলেই পুরনো ইমেইলটি মুছে যাবে। এছাড়া ফেসবুকে ইমেইল পরিবর্তন করতে হলে প্রথমে বর্তমান ইমেইল আইডি মুছে নতুন ইমেইল যোগ করতে হয়। এমনকি অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ইমেইল আইডি কে দেখতে পাবেন এবং কোন ইমেইলটি প্রাইমারি বা প্রধান ইমেইল হিসেবে ব্যবহার করা হবে, সেটিও ফেসবুকের সেটিংস থেকে খুব সহজেই ঠিক করে নেওয়া যায়।
এজেড