তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৮ অক্টোবর ২০২৬, ১১:২৮ এএম
প্রতিদিনের জীবনে এমন অনেক জিনিস রয়েছে যেগুলো ব্যবহার করার সময় আমাদের মনে নানা প্রশ্ন জাগে। বিদ্যুতের সঙ্গে সরাসরি সংযুক্ত ইলেকট্রিক প্লাগও তেমনই একটি সাধারণ কিন্তু কৌতূহলোদ্দীপক জিনিস। ছোটখাটো বৈদ্যুতিক সরঞ্জামের জন্য সাধারণত দুই পিনের ইলেকট্রিক প্লাগ ব্যবহার করা হয়। অন্যদিকে, ফ্রিজ বা এয়ার কন্ডিশনারের মতো বড় বৈদ্যুতিক সরঞ্জামের জন্য ব্যবহার করা হয় বড় বা তিন পিনের ইলেকট্রিক প্লাগ।
এই ইলেকট্রিক প্লাগের পিনগুলো ভালো করে লক্ষ্য করলে দেখা যায়, প্রতিটি পিনের মাঝখানে একটি করে ছোট কাট বা চেরা রয়েছে। তিন পিনের ইলেকট্রিক প্লাগের পাশাপাশি অনেক সময় দুই পিনের ইলেকট্রিক প্লাগেও এই ধরনের কাট বা চেরা দেখা যায়। ইলেকট্রিক পিনে তৈরি এই কাটের আসল কাজ কী, কেন সব পিনে এই কাট মার্ক থাকে না এবং এই মার্ক না থাকলে কী হতে পারে—এমন নানা প্রশ্ন অনেকের মনেই আসে।

তিন পিনের ইলেকট্রিক প্লাগ মূলত দুই ধরনের হয়। প্রথম ধরনের প্লাগের পিন তৈরি হয় পিতল দিয়ে এবং দ্বিতীয় ধরনের প্লাগের পিন তৈরি হয় অ্যালুমিনিয়াম দিয়ে। পিতলের পিনে মরচে পড়া বা ধাতু নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, তাই এই পিনের ওপর নিকেলের প্রলেপ দেওয়া হয় এবং এরপর পিনে কাট তৈরি করা হয়। এর ফলে অনেক সময় পিনটি স্টিলের তৈরি বলে মনে হয়।
এই কাটের মূল কাজ হলো তাপ ও চাপ নিয়ন্ত্রণ করা। কাট মার্ক থাকা পিতলের পিন বিদ্যুতের ভালো পরিবাহী হওয়ায় এর মধ্যে খুব সহজেই কারেন্ট প্রবাহিত হয়। কিন্তু নির্দিষ্ট সীমার বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে পিতলের পিন গরম হয়ে যেতে পারে। অতিরিক্ত গরম হলে পিতলের পিন কিছুটা প্রসারিত হয়ে সকেটে আটকে যেতে পারে এবং প্লাগের কভারও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। পিন যাতে অতিরিক্ত গরম হয়ে আকার পরিবর্তন না করতে পারে, সেই জন্যই পিনে কাট বা চেরা দেওয়া হয়। এই ধরনের পিনের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় চেরা থাকার কারণে পিনের কিছু অংশে চাপ ও তাপের প্রভাব কমে যায়, ফলে পিন তুলনামূলকভাবে দ্রুত গরম হয় না এবং ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও কমে।
আরও পড়ুন: রিভার্স অসমোসিস কী? পানি ফিল্টার করতে এই প্রযুক্তি কীভাবে কাজ করে
তিন পিনের প্লাগ সাধারণত এয়ার কন্ডিশনারের মতো ভারী বৈদ্যুতিক সরঞ্জামের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেগুলো বেশি বিদ্যুৎ খরচ করে এবং দীর্ঘ সময় ধরে চলতে থাকে। এই ধরনের যন্ত্রের প্লাগের মধ্য দিয়ে তুলনামূলকভাবে বেশি কারেন্ট প্রবাহিত হয় বিধায় পিনগুলো শক্তপোক্ত হওয়া জরুরি। যদি তিনটি পিনেই কাট মার্ক না থাকে, তাহলে বেশি লোডের সময় পিনের আকার পরিবর্তিত হয়ে দুর্ঘটনা বা ক্ষতির কারণ হতে পারে। তাই ইলেকট্রিক প্লাগ কেনার সময় পিনে কাট মার্ক রয়েছে কি না, তা ভালোভাবে খেয়াল রাখা উচিত।
এজেড