Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

ওয়াইফাই রাউটারের সিকিউরিটি বাড়াতে চান? বদলে ফেলুন এই সেটিংস

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১০:৫৩ এএম

ওয়াইফাই রাউটার নিরাপদ রাখতে শুধু শক্তিশালী পাসওয়ার্ড থাকলেই হবে না, রাউটারের কিছু সেটিংসও পরিবর্তন করা প্রয়োজন। এর ফলে ডিভাইস এবং হোম নেটওয়ার্ক আরও সুরক্ষিত থাকে। বর্তমান সময়ে বাড়িতে ওয়াইফাই রাউটার থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ওটিটি, স্মার্টফোন, স্মার্ট টিভি এবং ক্যামেরা থেকে শুরু করে প্রায় সমস্ত গ্যাজেটই ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত থাকে। রাউটারের সিকিউরিটি দুর্বল হলে এর সঙ্গে যুক্ত অন্যান্য ডিভাইসও ঝুঁকির মুখে পড়তে পারে। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস পরিবর্তন করে মাত্র ১০ মিনিটেই হোম নেটওয়ার্কের নিরাপত্তা শক্তিশালী করা সম্ভব।

সিকিউরিটি সেটিংস পরিবর্তন করতে প্রথমে রাউটারের অ্যাডমিন প্যানেলে যেতে হবে। সাধারণত ব্রাউজারে নির্দিষ্ট আইপি ঠিকানা লিখে সেটি ওপেন করা যায়। উইন্ডোজ বা ম্যাকের কমান্ড প্রম্পট বা নেটওয়ার্ক সেটিংস থেকেও রাউটারের ঠিকানা বের করা সম্ভব। মনে রাখতে হবে, রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড এবং ওয়াই-ফাইয়ে কানেক্ট করার পাসওয়ার্ড আলাদা হতে পারে।

প্রথমে রাউটারের অ্যাডমিন ইউজারনেম ও পাসওয়ার্ড পরিবর্তন করে নেওয়া উচিত। একইভাবে ওয়াই-ফাইয়ের নাম বা এসএসআইডি (SSID) এবং তার পাসওয়ার্ডও বদলে ফেলা দরকার, কারণ এসএসআইডি-তে রাউটারের মডেলের নাম থাকলে আক্রমণকারীরা ডিভাইস সম্পর্কে তথ্য পেয়ে যেতে পারে। এর পাশাপাশি সবচেয়ে শক্তিশালী ওয়াই-ফাই সিকিউরিটি অপশন যেমন ডব্লিউপিএ থ্রি (WPA3-Personal) বা পুরোনো ডিভাইসের জন্য ডব্লিউপিএ টু ও থ্রি মিক্সড মোড বেছে নিতে হবে।

router_pic

বাড়িতে আসা অতিথিদের মূল ওয়াই-ফাই পাসওয়ার্ড না দিয়ে গেস্ট নেটওয়ার্ক (Guest Network) ব্যবহার করা নিরাপদ। এর ফলে অতিথিদের ডিভাইস মূল নেটওয়ার্ক থেকে আলাদা থাকে এবং স্মার্ট বাল্ব বা ক্যামেরার মতো আইওটি (IoT) ডিভাইসগুলোও এই নেটওয়ার্কে যুক্ত করা যায়, যাতে মূল নেটওয়ার্কের নিরাপত্তা সুরক্ষিত থাকে।

ওয়াইফাই প্রটেক্টেড সেটআপ বা ডব্লিউপিএস (WPS)-এর পিন সিস্টেম অনেক সময় দুর্বল হতে পারে। তাই প্রয়োজন না থাকলে রাউটারের সেটিংসে গিয়ে এটি বন্ধ করে দেওয়া উচিত। এ ছাড়া বাড়ির বাইরে থেকে ইন্টারনেটের মাধ্যমে অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস করার সুবিধা থাকা রিমোট ম্যানেজমেন্ট (Remote Management) ফিচারটিও বন্ধ রাখাই ভালো, যা রাউটারকে সাইবার ঝুঁকির হাত থেকে রক্ষা করে।

আরও পড়ুন: প্রতি বছর কি সত্যিই নতুন স্মার্টফোন কেনার প্রয়োজন?

সবশেষে রাউটারের ফার্মওয়্যার আপডেট (Firmware Update) সেকশনে গিয়ে কোনো আপডেট আছে কি না তা পরীক্ষা করা এবং অটো আপডেট চালু রাখা জরুরি। প্রস্তুতকারী সংস্থা যদি আর কোনো আপডেট না দেয় এবং ডিভাইসটি মেয়াদোত্তীর্ণ পর্যায়ে পৌঁছে যায়, তবে নতুন রাউটার কেনা তুলনামূলক নিরাপদ বিকল্প।

এজেড