তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম
প্রতি মিনিট কথা বলার বিপরীতে গ্রাহকদের ১০ মেগাবাইট (এমবি) করে বিনা মূল্যে ইন্টারনেট দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। বাংলাদেশে কোনো মোবাইল অপারেটরের এ ধরনের উদ্যোগ এটিই প্রথম।
আজ ২৯ সেপ্টেম্বর থেকে চালু হওয়া এ অফার বাংলালিংকের সকল প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহক উপভোগ করতে পারবেন। আউটগোয়িং কলে এক মিনিট কথা বললেই স্বয়ংক্রিয়ভাবে ১০ এমবি করে বোনাস ইন্টারনেট পাবেন তারা। এ বোনাসের মেয়াদ থাকবে এক দিন। অনলাইনে যেকোনো কাজে এ বোনাস ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা।
এ সুবিধা পেতে গ্রাহকদের আলাদা করে কোনো অফার চালু করতে হবে না। এক মিনিটের কল শেষ হলেই স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্টে ১০ এমবি ইন্টারনেট যোগ হবে।
এক মিনিট পূর্ণ হওয়ার পর অতিরিক্ত যত সেকেন্ড কথা বলা হবে, তা পরের কলের সময়ের সঙ্গে যোগ হবে। যেমন, কোনো গ্রাহক এক মিনিট ৪০ সেকেন্ড কথা বললে প্রথম এক মিনিটের জন্য ১০ এমবি বোনাস ইন্টারনেট পাবেন। বাকি ৪০ সেকেন্ড পরের কলের সঙ্গে যোগ হবে। ফলে পরের কলে ২০ সেকেন্ড কথা বললেই আগের ৪০ সেকেন্ডসহ এক মিনিট পূর্ণ হবে এবং আরও ১০ এমবি বোনাস ইন্টারনেট পাবেন গ্রাহক।
এ উদ্যোগের বিষয়ে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন,“বাংলালিংকে গ্রাহকদেরকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিই। তারা প্রতিদিন কীভাবে সেবা ব্যবহার করেন, সেটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ। সাধারণ ফোন কলের সঙ্গে আমরা এবার বাড়তি একটি সুবিধা যোগ করেছি। গ্রাহক যত মিনিট কথা বলবেন, সেই সময়ের বিপরীতে তাঁরা বোনাস ইন্টারনেট পাচ্ছেন।”
গ্রাহকদের প্রতিদিনের যোগাযোগের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে এ উদ্যোগ নিয়েছে বাংলালিংক। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এ অফার চালু থাকবে। ফলে নিয়মিত কানেক্টিভিটি সেবা ব্যবহারেই বাড়তি এ সুবিধা পাচ্ছেন বাংলালিংক গ্রাহকেরা।
এজেড