তথ্যপ্রযুক্তি ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ এএম
লন্ডনে ক্যানভার একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক অনুষ্ঠানে হঠাৎ বিক্ষোভ দেখিয়ে আলোচনায় এলেন এক আন্দোলনকর্মী। এআই প্রযুক্তির সম্ভাব্য ক্ষতিকর প্রভাব ও ঝুঁকি নিয়ে মঞ্চের সামনে গিয়ে তিনি প্রশ্ন তোলেন, যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র বিতর্ক শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে বিক্ষোভকারী মহিলাকে বলতে শোনা যায় যে সাধারণ মানুষ এআই নিয়ে আতঙ্কিত। তার দাবি, এই প্রযুক্তি মানুষের কাছ থেকে কর্মসংস্থান এবং সৃষ্টিশীলতার সুযোগ কেড়ে নিচ্ছে। মঞ্চে উপস্থিত বক্তাদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন যে প্রযুক্তির এই দ্রুত উন্নয়ন শেষ পর্যন্ত সাধারণ মানুষের জন্য আদৌ কতটা কল্যাণকর হবে।
বিক্ষোভের সময় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা চালাতে প্রয়োজনীয় বিশাল ডেটা সেন্টারগুলোর অতিরিক্ত জল ও প্রাকৃতিক সম্পদ ব্যবহারের বিষয়টি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, এআই বিশেষজ্ঞদের একাংশ যে বড় ধরনের ঝুঁকির কথা বলছেন, সাধারণ মানুষের সেই আশঙ্কাই স্বাভাবিক। প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ন্ত্রণ এবং এর সামাজিক প্রভাবের প্রসঙ্গও তাঁর বক্তব্যে উঠে আসে।

এআই প্রযুক্তিকে মানুষের কাছ থেকে চুরি করা প্রযুক্তি বলে আখ্যা দিয়ে এর সঙ্গে যুক্ত সংস্থা ও প্রযুক্তি শিল্পের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ওই আন্দোলনকর্মী। ‘পুল দ্য প্লাগ’ নামের একটি সংগঠন এই প্রতিবাদের আয়োজন করেছিল বলে জানা গেছে। পরবর্তীতে সামাজিক মাধ্যমে পোস্ট করে তারা লন্ডনে ক্যানভার এআই ভিশন অনুষ্ঠানে বিক্ষোভের কথা স্বীকার করে।
আরও পড়ুন: ডিলিট করা চ্যাটজিপিটি চ্যাট কি ফিরে পাওয়া যায়? জানুন সঠিক নিয়ম
ঘটনার সময় অনুষ্ঠানের অনেক দর্শক নীরব থাকলেও ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ কেউ ওই মহিলার উত্থাপিত উদ্বেগকে অত্যন্ত যুক্তিসঙ্গত বলে প্রশংসা করেছেন, আবার অনেকেই এই ধরনের প্রতিবাদের পদ্ধতি ও এর সম্ভাব্য প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। সবমিলিয়ে প্রযুক্তির প্রসারের পাশাপাশি কর্মসংস্থান ও পরিবেশগত সুরক্ষা নিয়ে মানুষের যে উদ্বেগ বাড়ছে, এই ঘটনাই তা আবার নতুন করে সামনে নিয়ে এসেছে।
এজেড