তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ এএম
হোয়াটসঅ্যাপ এখন প্রায় প্রত্যেকের মোবাইলেই জায়গা করে নিয়েছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা ছবি, ভিডিও ও ফাইল আদান-প্রদানসহ বিভিন্ন কাজ করে থাকি। এর ফলে অনেক সময় হোয়াটসঅ্যাপের স্টোরেজ ফুল হয়ে যায় এবং ‘স্টোরেজ ইজ ফুল’ মেসেজ দেখা দেওয়ার পাশাপাশি চ্যাট ব্যাকআপও ফেল হতে পারে। তবে স্টোরেজ খালি করার জন্য সম্পূর্ণ চ্যাট ডিলিট করার কোনো প্রয়োজন নেই। হোয়াটসঅ্যাপের একটি উপযোগী টুলের সাহায্যে আপনি অপ্রয়োজনীয় ছবি, ভিডিও এবং ফাইল বেছে নিয়ে সহজেই জায়গা খালি করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক, চ্যাট ডিলিট না করেই কীভাবে হোয়াটসঅ্যাপের স্টোরেজ ম্যানেজ করবেন।
হোয়াটসঅ্যাপের কোন টুল সাহায্য করবে?
হোয়াটসঅ্যাপে ‘ম্যানেজ স্টোরেজ’ (Manage Storage) নামে একটি অসাধারণ টুল রয়েছে। এটি ব্যবহার করতে হোয়াটসঅ্যাপের সেটিংস অপশনে গিয়ে ‘স্টোরেজ অ্যান্ড ডাটা’ (Storage and Data) সেকশন খুলুন। এখানেই আপনি ‘ম্যানেজ স্টোরেজ’ অপশনটি দেখতে পাবেন। এই টুলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ এবং তাতে সেভ থাকা মিডিয়া ফাইল কতটা জায়গা দখল করে আছে, তা সহজেই জানা যায়।
৫ এমবির বেশি আকারের ফাইল ডিলিট করার উপায়
এই টুলের ভেতরে ৫ মেগাবাইটের বেশি আকারের ফাইলগুলো আলাদা করে দেখা যায়। এর পাশাপাশি বারবার ফরোয়ার্ড করা ছবি, ভিডিও, ডকুমেন্ট এবং অডিও ফাইলও এখানে প্রদর্শিত হয়। অনেক সময় বিভিন্ন গ্রুপে একই ধরনের ফাইল বারবার আসার ফলে ফোনে ডুপ্লিকেট ফাইল জমা হয়। স্টোরেজ ম্যানেজারের সাহায্যে সেগুলো চিহ্নিত করে খুব সহজেই ডিলিট করা সম্ভব।

ধাপে ধাপে জেনে নিন যেভাবে জায়গা খালি করবেন
১. প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন। আইফোনের ক্ষেত্রে নিচে থাকা ‘ইউ’ (You) মেনুতে এবং অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ওপরে ডানদিকে থাকা তিনটি ডটের মেনুতে ট্যাপ করুন।
২. এবার সেটিংস থেকে ‘ম্যানেজ স্টোরেজ’ অপশনে যান।
৩. সেখানে ‘Larger than 5MB’ সেকশনটি খুললে ৫ এমবির বেশি আকারের ফাইলগুলির তালিকা দেখতে পাবেন।
৪. কোনো ফাইল ডিলিট করতে সেটির ওপর ট্যাপ করে ধরে রাখুন অথবা একসঙ্গে সব ফাইল বেছে নিতে ‘সিলেক্ট অল’ (Select All) অপশন ব্যবহার করুন।
৫. এরপর ‘ফরোয়ার্ডেড মেনি টাইমস’ (Forwarded many times) সেকশনে গিয়ে অপ্রয়োজনীয় ছবি ও ভিডিও বেছে নিয়ে ডিলিট করে দিন।
আরও পড়ুন: ইনস্টাগ্রামে ‘স্প্যাম ফলোয়ার্স’ নিয়ে বিরক্ত? এক ক্লিকেই করুন ডিলিট
স্টোরেজ বাঁচাতে আরও কিছু জরুরি সেটিংস
এর পরেও যদি স্টোরেজ খালি না হয়, তবে বিভিন্ন ব্যক্তিগত চ্যাট বা গ্রুপে ঢুকে অপ্রয়োজনীয় মিডিয়া ফাইল ডিলিট করতে পারেন। পাশাপাশি হোয়াটসঅ্যাপের ‘মিডিয়া অটো-ডাউনলোড’ বন্ধ রাখা অত্যন্ত উপকারী। এর ফলে ছবি এবং ভিডিও নিজে থেকে গ্যালারিতে সেভ হবে না। এছাড়া যে গ্রুপগুলি আপনি নিয়মিত দেখেন না, সেগুলির জন্য ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ (Disappearing Messages) ফিচারটি চালু রাখতে পারেন।
এজেড