তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম
মটোরোলা এজ ৭০ নিও শিগগিরই লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির আগমনের কথা নিশ্চিত করা হলেও এখনও নির্দিষ্ট লঞ্চের তারিখ প্রকাশ করা হয়নি। পাশাপাশি ফোনটির বেশিরভাগ স্পেসিফিকেশনও গোপন রাখা হয়েছে। এর মধ্যেই নতুন একটি গিকবেঞ্চ তালিকায় মটোরোলা এজ ৭০ নিও-এর প্রসেসর এবং র্যাম সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
নতুন তালিকা অনুযায়ী, ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হতে পারে। গত বছরের মটোরোলা এজ ৬০ নিও-এর উত্তরসূরি হিসেবে বাজারে আসবে নতুন মডেলটি। এমনকি আগের লঞ্চ কৌশলের কথা মাথায় রেখে এজ ৭০ নিও আসলে মটোরোলা এজ ৭০ প্লাস-এর নতুন নামে বাজারে আসা সংস্করণও হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।
গিকবেঞ্চের ৭.০.০-এর তালিকায় মটোরোলা এজ ৭০ নিও-কে দেখা গিয়েছে। অ্যানড্রয়েড এএআরসিএইচ৬৪ প্ল্যাটফর্মে পরীক্ষায় ফোনটি সিঙ্গল-কোর পরীক্ষায় ৭২৩ পয়েন্ট এবং মাল্টি-কোর পরীক্ষায় ২,৯৪৩ পয়েন্ট পেয়েছে। তালিকায় ফোনটির প্রসেসর হিসেবে উল্লেখ করা হয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি, যার মডেল নম্বর এসএম৭৬৩। চিপসেটের কোর বিন্যাসও তালিকায় প্রকাশ পেয়েছে, যেখানে রয়েছে ১টি প্রাইম কোর (ক্লক স্পিড ২.৫০ গিগাহার্জ), ৩টি কোর (ক্লক স্পিড ২.৪০ গিগাহার্জ), ৪টি এফিশিয়েন্সি কোর (ক্লক স্পিড ১.৮০ গিগাহার্জ) এবং অ্যাড্রেনো ৮১০ জিপিইউ। গিকবেঞ্চে পরীক্ষিত ফোনটিতে ৬ জিবি র্যাম ছিল এবং এটি অ্যানড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলছিল।
মটোরোলা এজ ৭০ প্লাস-এর আন্তর্জাতিক সংস্করণেও স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি চিপসেট ব্যবহার করা হয়েছে। এই মিল থেকেই এজ ৭০ নিও নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে। মটোরোলার এজ সিরিজের আগের লঞ্চ কৌশল অনুযায়ী, সংস্থা একই ফোনকে কিছুটা পরিবর্তন করে বিভিন্ন বাজারে আলাদা নামে লঞ্চ করেছে। সেই কারণে এজ ৭০ নিও-কে এজ ৭০ প্লাস-এর রিব্র্যান্ডেড বা রিব্যাজড সংস্করণ হিসেবে ভারতে আনা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে মটোরোলা এখনও এই বিষয়টি নিশ্চিত করেনি।

চলতি মাসের শুরুতেই মটোরোলা জানিয়েছিল যে এজ ৭০ নিও ভারতে শিগগিরই লঞ্চ হবে। এর আগে ফাঁস হওয়া ডিজাইন থেকে জানা গিয়েছিল, ফোনটিতে ফ্ল্যাট ডিসপ্লে, সরু বেজেল এবং মাঝখানে হোল-পাঞ্চ কাটআউট থাকতে পারে। রঙের ক্ষেত্রে ফোনটি ডার্ক গ্রিন, লাইট ব্লু, অলিভ গ্রিন এবং পেল পিঙ্ক শেডে আসতে পারে বলে জল্পনা রয়েছে। ক্যামেরার ক্ষেত্রেও বড় আপগ্রেড দেখা যেতে পারে, যেখানে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। গত বছরের এজ ৬০ নিও-এর তুলনায় নতুন মডেলে পারফরম্যান্স, ক্যামেরা এবং অন্যান্য ক্ষেত্রে উন্নতি আনা হতে পারে।
আরও পড়ুন: অপো ১৬ জিবি র্যামের নতুন ফোন আনছে
যদি এজ ৭০ নিও সত্যিই এজ ৭০ প্লাস-এর রিব্র্যান্ডেড সংস্করণ হয়, তাহলে এর সম্ভাব্য ফিচার সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। এজ ৭০ প্লাস-এ রয়েছে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ এবং কর্নিং গরিলা গ্লাস ৭আই সুরক্ষা। ক্যামেরার ক্ষেত্রে এতে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি প্রসেসরের সঙ্গে ৮ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। ব্যাটারির ক্ষেত্রে এজ ৭০ প্লাস-এ রয়েছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি, সঙ্গে ৪৫ ওয়াট চার্জিং এবং বাইপাস চার্জিংয়ের সুবিধা। তবে এজ ৭০ নিও-তে একই স্পেসিফিকেশন থাকবে কি না, তা এখনই নিশ্চিত নয়।
মটোরোলা এজ ৭০ নিও-এর ভারতীয় লঞ্চ নিশ্চিত হলেও সংস্থা এখনও নির্দিষ্ট তারিখ জানায়নি। গিকবেঞ্চ তালিকায় ফোনটির উপস্থিতি অবশ্য ইঙ্গিত দিচ্ছে যে লঞ্চের প্রস্তুতি এগিয়ে গিয়েছে। এখন দেখার বিষয়, মটোরোলা এজ ৭০ নিও-কে সম্পূর্ণ নতুন মডেল হিসেবে ভারতে আনে, নাকি এজ ৭০ প্লাস-এর রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে বাজারে নিয়ে আসে। বিশেষ করে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি, ২০০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৬,৫০০ এমএএইচ ব্যাটারির মতো স্পেসিফিকেশন সত্যিই ভারতীয় মডেলে থাকে কি না, সেদিকেই নজর থাকবে।
এজেড