তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ এএম
নেটদুনিয়ায় দারুণ ট্রেন্ডে রয়েছে আশির দশকের নস্টালজিয়া। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে চ্যাটজিপিটির রেট্রো ইমেজ। অনেকেই নিজের বা পরিবারের সদস্যদের ছবি আপলোড করে ১৯৮০-র দশকের স্টাইলে ছবি তৈরি করছেন। তখনকার দিনের পোশাক, চুলের স্টাইল, রেট্রো ইফেক্ট এবং ফিল্মের মতো টেক্সচারযুক্ত প্রম্পট ব্যবহার করে তৈরি হচ্ছে একের পর এক ছবি। আপনিও হয়তো এই ট্রেন্ডে শামিল হয়েছেন, তবে মজার এই ছবির নেপথ্যে লুকিয়ে রয়েছে বড় ধরনের গোপনীয়তার ঝুঁকি।
এই ধরনের ছবি তৈরি করার জন্য প্রথমে নিজের কোনো বাস্তব ছবি বা রিয়েল ইমেজ আপলোড করতে হয়, আর ঠিক এই কারণেই সতর্ক হওয়া জরুরি। সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের মতে, এআই চ্যাটবটে ছবি আপলোড করার আগে বাড়তি সতর্কতা নেওয়া প্রয়োজন। এর আগে গিবলি স্টাইলের ছবি এবং কার্টুন তৈরির ট্রেন্ড নিয়েও সাইবার নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছিল।
সাইবার নিরাপত্তা সংস্থা ইএসইটি-র গ্লোবাল সাইবার সিকিউরিটি অ্যাডভাইজার জেক মুরের মতে, অনেকেই চ্যাটজিপিটির এই নতুন ট্রেন্ডে অংশ নেওয়ার সময়ে আপলোড করা ছবির সঙ্গে ব্যক্তিগত ডেটা যুক্ত হওয়া নিয়ে ভাবেন না।

তিনি জানিয়েছেন, এআই চ্যাটবটে ছবি ও ব্যক্তিগত ডেটা দিলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম সহজেই তা বিশ্লেষণ করতে পারে। এছাড়া নিরাপত্তা সংস্থা সাইটাইডেলের প্রধান নির্বাহী ম্যাট কনলনের মতে, ছবি আরও নিখুঁত করার জন্য অনেকেই অতিরিক্ত ব্যক্তিগত ডেটা দিয়ে ফেলেন, যা ভবিষ্যতে ডেটা সিকিউরিটি এবং আইডেন্টিটি ফ্রডের মতো মারাত্মক ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
এআই দিয়ে তৈরি ছবি ইনস্টাগ্রাম, ফেসবুক বা এক্সে পোস্ট করলেই যে বিপদ শেষ হয়ে যায়, এমনটা নয়। বিশেষজ্ঞদের মতে, এই ছবিগুলো অন্যরা অনায়াসেই কপি বা পুনরায় পোস্ট করতে পারে। ফলে আপনার ছবি কে ডাউনলোড করছে কিংবা কোথায় ব্যবহার করা হচ্ছে, তার ওপর আপনার নিয়ন্ত্রণ সম্পূর্ণ কমে যায়।
আরও পড়ুন: 80s Photo Trend: যেভাবে নিজের ছবিকে আশির দশকের স্টাইলে রূপান্তর করবেন
এই ধরনের ট্রেন্ডে অংশ নেওয়ার সময় নিরাপদ থাকতে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। সবসময় এমন ছবি আপলোড করুন, যা প্রকাশ্যে শেয়ার করতে আপনি পুরোপুরি স্বচ্ছন্দ। ছবির ব্যাকগ্রাউন্ডে থাকা বাড়ির ঠিকানা, পরিচয়পত্র, কোনো সংবেদনশীল নথি বা গুরুত্বপূর্ণ তথ্য থাকলে তা ক্রপ বা ব্লার করে তারপর ছবিটি আপলোড করুন। প্রয়োজনে পুরো ছবির বদলে শুধু মুখের নির্দিষ্ট অংশ ক্রপ করে আপলোড করা বুদ্ধিমানের কাজ হবে।
এজেড