Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ নম্বর বদলাচ্ছেন? সাবধান, এই ভুলেই উধাও হতে পারে চ্যাট

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ এএম

হোয়াটসঅ্যাপে ফোন নম্বর বদলানো খুব সহজ হলেও, আগে কিছু বিষয় যাচাই না করলে অ্যাকাউন্ট, চ্যাট এবং ব্যাকআপ নিয়ে বড় ধরনের সমস্যা হতে পারে। তাই নতুন নম্বরে হোয়াটসঅ্যাপ চালু করার আগে কয়েকটি বিষয়ে বিশেষ নজর দেওয়া জরুরি।

প্রথমে নিশ্চিত করুন যে আপনার নতুন নম্বরে ঠিকমতো এসএমএস বা ফোন কল আসছে কি না। একই সঙ্গে পুরোনো নম্বরটি অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে রেজিস্টার করা থাকতে হবে। নিজের বর্তমান নম্বরটি দেখার জন্য হোয়াটসঅ্যাপ খুলে ওপরের ডান দিকের তিন ডট মেনুতে গিয়ে সেটিংস এবং প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।

নতুন নম্বরটি যেন হোয়াটসঅ্যাপের শর্ত অনুযায়ী সাপোর্ট করে সেদিকে খেয়াল রাখুন। সাধারণত ভিওআইপি, টোল-ফ্রি, পেইড প্রিমিয়াম, ইউনিভার্সাল অ্যাক্সেস নম্বর, পার্সোনাল নম্বর এবং সাধারণ ল্যান্ডলাইন নম্বর হোয়াটসঅ্যাপের সাধারণ অ্যাপে ব্যবহার করা যায় না। তবে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপে ল্যান্ডলাইন নম্বর ব্যবহার করার সুযোগ রয়েছে।

maxresdefault

মনে রাখবেন, হোয়াটসঅ্যাপ ওয়েব বা ডেস্কটপ সংস্করণ থেকে কোনোভাবেই নম্বর বদলানো সম্ভব নয়। এই কাজটি অবশ্যই আপনার প্রধান মোবাইল ফোন থেকে করতে হবে। নম্বর বদলানোর সময় আপনি চাইলে আপনার সমস্ত কনট্যাক্ট, যাদের সঙ্গে আগে চ্যাট করেছেন, অথবা নির্দিষ্ট কিছু মানুষকে আপনার নতুন নম্বরের নোটিফিকেশন পাঠাতে পারেন। তবে আপনি যে সমস্ত গ্রুপের সদস্য, সেই সব গ্রুপে স্বয়ংক্রিয়ভাবেই আপনার নতুন নম্বর বদলের খবর পৌঁছে যাবে।

আরও পড়ুন: গুগল ম্যাপস কীভাবে আগে থেকেই জানে কোথায় ট্র্যাফিক জ্যাম রয়েছে?

পুরোনো ফোনে নম্বর বদলানোর প্রক্রিয়া শুরু করতে প্রথমে নতুন সিমটি মোবাইলে প্রবেশ করান। এরপর হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে অ্যাকাউন্ট অপশনে গিয়ে চেঞ্জ নম্বর নির্বাচন করুন এবং নেক্সট বাটনে ট্যাপ করুন। এরপর পুরোনো ও নতুন নম্বরটি আন্তর্জাতিক ফরম্যাটে লিখে আবার নেক্সট এবং ডানে ট্যাপ করতে হবে। পরবর্তীতে নতুন নম্বরটি দিয়ে পুনরায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নতুন ফোনে সমস্ত চ্যাট বা চ্যাট হিস্ট্রি ফিরিয়ে আনতে চাইলে অবশ্যই আগে পুরোনো ফোনে নম্বর পরিবর্তন করে নতুন নম্বরের নামে ব্যাকআপ নিতে হবে। এরপর নতুন ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে নতুন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করার পর ব্যাকআপ রিস্টোর করতে হবে। মনে রাখবেন, পুরোনো নম্বরের নামে তৈরি ব্যাকআপ নতুন নম্বরে সরাসরি রিস্টোর করা যায় না। তাই নম্বর বদলানোর কাজ সম্পন্ন করার পর নতুন করে ব্যাকআপ নেওয়া অত্যন্ত জরুরি।

এজেড