Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

ফোন চার্জিংয়ের সঠিক নিয়ম: ব্যাটারি ভালো রাখতে কখন চার্জ দেবেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ এএম

দিনে কতবার ফোন চার্জ দেবেন কিংবা ব্যাটারি ঠিক কত শতাংশে নামলে চার্জে বসানো উচিত—তা নিয়ে বেশিরভাগ মানুষের মনেই নানা বিভ্রান্তি থাকে। অনেকে ঘন ঘন ফোন চার্জে বসান বা ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করেন। তবে বিশেষজ্ঞদের মতে, ছোট এই ভুলগুলোর কারণেই দ্রুত বারোটা বাজতে পারে আপনার সাধের স্মার্টফোনের ব্যাটারির।

আধুনিক জীবনে স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও চলা যায় না। তাই ব্যবহারকারীরা চান না কোনোভাবেই ফোনের চার্জ ফুরিয়ে যাক। অনেকেই সঙ্গে পাওয়ার ব্যাঙ্ক রাখেন অথবা সুযোগ পেলেই বারবার ফোন চার্জে বসাতে থাকেন। কিন্তু ব্যাটারির দীর্ঘায়ু নিশ্চিত করতে সঠিক নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি।

images_(1)

ফোনের ব্যাটারি হেলথ বা স্বাস্থ্য ভালো রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো, চার্জ ২০ শতাংশে নেমে আসার পর তা প্লাগ ইন করা। এরপর ব্যাটারি ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত চার্জ দিয়ে খুলে নেওয়া উচিত। কখনোই নিয়মিত ফোনের ব্যাটারি ১০০ শতাংশ পর্যন্ত ফুল চার্জ করতে নিষেধ করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: উল্টা নাকি সোজা, টেবিলে ফোন কীভাবে রাখবেন? 

যাঁদের ফোনে ফাস্ট চার্জিং ফিচার রয়েছে, তাঁদের জন্য বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ। ফোন একেবারে শূন্য বা ০ শতাংশে পৌঁছে গেলে চার্জ দিলে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যায়। আবার ব্যাটারি ৮০ শতাংশের ওপরে থাকার পরও চার্জে বসিয়ে রাখলে তা ব্যাটারির ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। ব্যাটারির আয়ু বাড়াতে ফোনের চার্জ সম্পূর্ণ শেষ হওয়ার আগেই চার্জে দেওয়া উচিত।

images

ব্যাটারির ক্ষতি এড়াতে কিছু সাধারণ সতর্কতা মেনে চলা যেতে পারে। যেমন—মোবাইল ফোনের ব্যাটারি সবসময় ঠান্ডা ও শুষ্ক জায়গায় রাখা উচিত। অ্যাপলের মতো প্রযুক্তি জায়ান্টদের পরামর্শ অনুযায়ী, দীর্ঘ সময় ডিভাইস বন্ধ রাখলে প্রতি ৬ মাসে অন্তত একবার তা চালু করে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত চার্জ দিয়ে রাখা ভালো। এই ছোট অভ্যাসগুলো মেনে চললে আপনার স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘদিন সুস্থ ও সচল থাকবে।

এজেড