Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

উল্টা নাকি সোজা, টেবিলে ফোন কীভাবে রাখবেন? 

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ এএম

অফিসে কাজ করার সময়, ক্যাফেতে বন্ধুদের সঙ্গে বসে থাকার সময় বা বাড়িতে খাওয়ার সময় আমরা অনেকেই অজান্তেই ফোন টেবিলের ওপর রেখে দিই। অনেকেই ফোনের স্ক্রিন উপরের দিকে করে রাখেন, আবার কেউ কেউ অভ্যাসবশত ফোন উপুড় অর্থাৎ স্ক্রিন নিচের দিকে (Face Down) করে রাখেন। 

স্ক্রিন উপরের দিকে করে রাখলে প্রতি দুই, তিন মিনিট অন্তর কোনও না কোনও হোয়াটসঅ্যাপ মেসেজ আসে, স্ক্রিনের আলো জ্বলে ওঠে, মনোযোগ বিচ্ছিন্ন হয় এবং আশপাশের মানুষের নজরও সরাসরি আপনার ব্যক্তিগত মেসেজের উপর পড়ে। কিন্তু স্মার্টফোনের স্ক্রিন নিচের দিকে করে রাখার পিছনে শুধুমাত্র শিষ্টাচার বা অভ্যাস নয়, ব্যাটারি, ক্যামেরা এবং প্রাইভেসি সুরক্ষিত রাখার একটি নির্দিষ্ট প্রযুক্তিও কাজ করে। আজ সেটিই বিস্তারিত জেনে নেওয়া যাক।

যখন ফোনের স্ক্রিন উপরের দিকে থাকে, তখন প্রতিটি প্রোমোশনাল মেসেজ, সোশ্যাল মিডিয়ার আপডেট বা গ্রুপ চ্যাটের কারণে স্ক্রিনের ডিসপ্লে বারবার অন-অফ হতে থাকে। আমরা যখন মনোযোগ দিয়ে কাজ করছি, তখন স্ক্রিনে হঠাৎ জ্বলে ওঠা আলো চোখ এবং মস্তিষ্ককে বারবার বিভ্রান্ত করে, যার ফলে কাজের প্রতি একাগ্রতা পুরোপুরি নষ্ট হয়ে যায়।

little-known-reason-why-you-should-always-place-your-phone-face-down-on-a-table

অফিসের মিটিংয়ে বা বন্ধুদের সঙ্গে বসে থাকার সময় ব্যাঙ্ক ট্রানজ্যাকশনের ওটিপ, বাড়ি থেকে আসা ব্যক্তিগত মেসেজ বা কোনও গুরুত্বপূর্ণ কল এলে স্ক্রিনে পপ-আপ হওয়া নাম এবং মেসেজের লেখা সামনে থাকা যে কেউ সহজেই পড়ে ফেলতে পারেন। এর ফলে আপনার গোপন তথ্য এবং ব্যক্তিগত প্রাইভেসি মুহূর্তের মধ্যেই প্রকাশ্যে চলে আসতে পারে।

বর্তমান সময়ের আধুনিক স্মার্টফোনে এবং বিশেষ করে আইফোনে উন্নত ফটোগ্রাফির জন্য ক্যামেরার মডিউলটি কিছুটা বাইরে বেরিয়ে থাকে (Camera Bump)। আপনি যখন ফোনটি সোজা অর্থাৎ স্ক্রিন উপরের দিকে করে রাখেন, তখন পুরো ফোনের ওজন ওই বাইরে বেরিয়ে থাকা ক্যামেরার কাচের উপর পড়ে। টেবিলের উপর ফোন সরানোর সময় লেন্সে সূক্ষ্ম দাগ (Scratches) পড়তে পারে, যার ফলে দামি ফোনের ক্যামেরা চিরতরে ঝাপসা হয়ে যেতে পারে।

আইফোন এবং একাধিক প্রিমিয়াম স্মার্টফোনে ফেসডাউন ডিটেকশন নামে একটি বিশেষ ইন-বিল্ট ফিচার থাকে। আপনি ফোনের স্ক্রিন নিচের দিকে করে টেবিলের উপর রাখলেই ফোনের Ambient Light এবং Proximity Sensor মুহূর্তের মধ্যে সেটি শনাক্ত করে। এরপর কোনও মেসেজ বা নোটিফিকেশন এলেও ফোনের স্ক্রিন একেবারেই অন হয় না! সারাদিনে শত শত বার স্ক্রিন অকারণে জ্বলে না ওঠায় মোবাইলের ব্যাটারিও অনেকটাই সাশ্রয় হয়।

GettyImages-2055697502

স্ক্রিন নিচের দিকে করে রাখলে ফোনের সংবেদনশীল ক্যামেরাগুলো উপরের দিকে থাকে এবং টেবিলের সংস্পর্শে আসে না। ফলে লেন্সে কোনও দাগ পড়ার সম্ভাবনাও থাকে না। পাশাপাশি চোখের সামনে স্ক্রিন বারবার জ্বলে না ওঠায় আপনার মনোযোগ পুরোপুরি কাজ বা পড়াশোনায় কেন্দ্রীভূত থাকে এবং মানসিক শান্তিও বজায় থাকে।

আরও পড়ুন: ফাস্ট চার্জিংয়ে কি সত্যিই ফোনের ব্যাটারি নষ্ট হয়?

ফোনের স্ক্রিন নিচের দিকে করে রাখার সময় ডিসপ্লে সুরক্ষিত রাখতে অবশ্যই ভালো মানের টেম্পার্ড গ্লাস (Tempered Glass) লাগানো থাকা উচিত। এর পাশাপাশি ফোনে এমন ধরনের ব্যাক কভার ব্যবহার করা উচিত, যার প্রান্তগুলো স্ক্রিনের তুলনায় সামান্য উঁচু থাকে (Raised Edge Case)। এর ফলে ফোন উপুড় করে রাখলেও স্ক্রিন সরাসরি টেবিলের সংস্পর্শে আসে না এবং সম্পূর্ণ সুরক্ষিত থাকে। 

এজেড