Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি শিশু-কিশোরদের জন্য ফিচার ফোন আনল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ এএম

বাচ্চাদের হাতে ইন্টারনেটের বিভ্রান্তিকর দুনিয়া বা ডিজিটাল আসক্তি থেকে দূরে রেখে কেবল যোগাযোগের মাধ্যমে যুক্ত রাখতে নতুন একটি ফিচার ফোন নিয়ে এল নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। সম্প্রতি টেক জায়ান্টটি লঞ্চ করেছে ‘এইচএমডি ১০৫ ফোরজি স্কুল এডিশন’ (HMD 105 4G School Edition)।

মূলত এমন সব অভিভাবকদের কথা মাথায় রেখেই ফোনটি তৈরি করা হয়েছে, যারা সন্তানদের হাতে স্মার্টফোনের মতো কোনো ডিজিটাল ডিস্ট্রাকশন বা বিনোদনের যন্ত্র তুলে না দিয়ে কেবল প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা করতে চান। ফোনটি থেকে বিনোদনমূলক বা অপ্রয়োজনীয় প্রায় সমস্ত ফিচার ছেঁটে ফেলা হয়েছে।

এই নতুন ফিচার ফোনে ভয়েস কল এবং টেক্সট বা এসএমএস আদান-প্রদানের সুবিধা মিললেও এর ভেতর থেকে সরিয়ে নেওয়া হয়েছে ইন্টারনেট ব্রাউজার। এমনকি নকিয়া ও এইচএমডির ফিচার ফোনে দশকের পর দশক ধরে চলে আসা জনপ্রিয় ‘স্নেক গেম’ এবং ভয়েস রেকর্ডিং ফাংশনটিও এতে রাখা হয়নি। এর পরিবর্তে নিরাপত্তার কথা ভেবে একটি পিন-সুরক্ষিত প্যারেন্টাল কন্ট্রোল সিস্টেম যুক্ত করেছে এইচএমডি গ্লোবাল। এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে বাবা-মায়েরাই নিয়ন্ত্রণ করতে পারবেন ফোনটি। অভিভাবকরা চাইলে পিন ব্যবহার করে ব্লুটুথ, এমএমএস এবং এমনকি রেডিওর ব্যবহারও পুরোপুরি বন্ধ রাখতে পারবেন।

HMD_105_4G_School_Edition-Hero-Device

ডিভাইসটির বাহ্যিক রূপ ও হার্ডওয়্যার মূলত স্ট্যান্ডার্ড এইচএমডি ১০৫ ফোরজি মডেলেরই আদলে তৈরি করা হয়েছে, ফলে স্কুলগামী শিক্ষার্থীদের উপযোগী এই রেস্ট্রিকশন বা কড়াকড়ি আনতে গিয়ে স্থায়িত্ব বা ব্যাটারি ব্যাকআপের সঙ্গে কোনো আপস করতে হয়নি। 

ফোনটিতে রয়েছে ২৪০ বাই ৩২০ পিক্সেল রেজুলেশনের একটি ২.৪ ইঞ্চির ডিসপ্লে, ৬৪ মেগাবাইট র‍্যাম এবং ১২৮ মেগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ। এই স্টোরেজ কম মনে হলে মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে খুব সহজেই অতিরিক্ত ৩২ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নেওয়া সম্ভব। কানেক্টিভিটির ক্ষেত্রে ডিভাইসটি টুজি, থ্রিজি এবং ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে। 

আরও পড়ুন: চুরি হওয়া ফোন ফেরত পাওয়ার উপায়

এতে ব্লুটুথ ৫.০ প্রযুক্তি থাকলেও অভিভাবকরা চাইলে প্যারেন্টাল কন্ট্রোল মেনু থেকে সেটি নিষ্ক্রিয় করে দিতে পারেন। চার্জিংয়ের জন্য এতে একটি আধুনিক ইউএসবি টাইপ-সি পোর্ট রাখা হয়েছে এবং ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাকের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই ঐতিহ্যবাহী ওয়্যারড হেডফোন ব্যবহার করতে পারবে।

স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের যোগাযোগের সব প্রয়োজন মেটাতে ফোনটিতে একসঙ্গে দুই হাজার পর্যন্ত কন্টাক্ট বা যোগাযোগের নম্বর সেভ করে রাখা সম্ভব। ডিভাইসটিতে রয়েছে একটি শক্তিশালী ১,৪৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার রিমুভেবল ব্যাটারি। এইচএমডি গ্লোবালের দাবি অনুযায়ী, একবার চার্জ দিলে এই ফোনটি স্ট্যান্ডবাই মোডে টানা ১৫ দিন পর্যন্ত অনায়াসে সচল থাকতে পারে, যা সম্প্রতি প্রকাশিত নকিয়া ১০৫ সেকেন্ড এডিশনের ব্যাটারি পারফরম্যান্সের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।

এজেড