তথ্যপ্রযুক্তি ডেস্ক
৩১ আগস্ট ২০২৬, ১০:৩৪ এএম
ফোনে স্টোরেজ ফুল হওয়ার ওয়ার্নিং বা সতর্কতা বারবার দেখা দিলে বেশিরভাগ মানুষই দরকারি অ্যাপ কিংবা পছন্দের ছবি ডিলিট করতে শুরু করেন। কিন্তু এতে একদিকে যেমন অনেক প্রয়োজনীয় ছবি মুছে যায়, অন্যদিকে স্টোরেজও সেভাবে খালি হয় না। মূলত ফোন গ্যালারি এবং বিভিন্ন অ্যাপে জমা হওয়া লুকানো ফাইলেই আসল সমস্যা লুকিয়ে থাকে। তাই ছবি বা ভিডিও না ডিলিট করেই কিছু সহজ উপায়ে ফোনের মেমোরি খালি করা সম্ভব।
আইফোন ব্যবহারকারীরা ফোনের সেটিংস থেকে ফটোসে গিয়ে 'অপটিমাইজ স্টোরেজ' অপশনটি অন করে দিতে পারেন। এর ফলে ফোনে কম সাইজের ফাইল কপি থাকবে এবং মূল হাই-কোয়ালিটি ছবিটি আইক্লাউডে নিরাপদে সংরক্ষিত হয়ে যাবে। অন্যদিকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল ফটোস অ্যাপ ওপেন করে প্রোফাইল পিকচারে ট্যাপ করে 'ফ্রি আপ স্পেস' সিলেক্ট করতে পারেন। এতে যেসব ছবি ও ভিডিওর ব্যাকআপ আগেই সম্পন্ন হয়েছে, সেগুলো ডিভাইস থেকে মুছে গেলেও গুগল ফটোসে সম্পূর্ণ নিরাপদ থাকে।
_20260831_103341496.jpeg)
ইনস্টাগ্রাম, ফেসবুক ও বিভিন্ন ওয়েব ব্রাউজার গোপনে প্রচুর ক্যাশ ডাটা জমা করে স্টোরেজ ফুল করে দেয়। অ্যান্ড্রয়েডে সেটিংস থেকে অ্যাপসে গিয়ে যেকোনো অ্যাপ সিলেক্ট করে 'ক্লিয়ার ক্যাশ' করা যায়। আইফোনের ক্ষেত্রে কিছু অ্যাপের ভেতরেই ক্যাশ পরিষ্কারের অপশন থাকে অথবা অ্যাপটি আনইনস্টল করে পুনরায় ইনস্টল করতে হয়। এছাড়া সাফারির মতো ব্রাউজারের ক্ষেত্রে সেটিংস থেকে হিস্ট্রি ও ওয়েবসাইট ডাটা ক্লিয়ার করে ফেলা যায়।
আরও পড়ুন: কোন কোম্পানির ফোন সবচেয়ে বেশি বিক্রি হয়? দেখে নিন তালিকা
নেটফ্লিক্স, স্পটিফাই বা পডকাস্টের মতো অ্যাপগুলো অফলাইনে ব্যবহারের জন্য বড় বড় ফাইল সেভ করে রাখে। এই অ্যাপগুলোর ডাউনলোড সেকশনে গিয়ে দেখা বা শোনা হয়ে যাওয়া ফাইলগুলো ম্যানুয়ালি ডিলিট করে দিতে হবে। পাশাপাশি যেসব গেম দীর্ঘ দিন ধরে খেলা হয় না, সেগুলোর আপডেট ও লেভেলের কারণে গিগাবাইট জায়গা নষ্ট হয়। তাই অব্যবহৃত গেমগুলো অবিলম্বে আনইনস্টল করে ফেলা উচিত। এছাড়া হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অ্যাপে জমে থাকা বড় সাইজের ভিডিও ও ফাইলগুলো ডিলিট করলে ফোন দ্রুত ফাঁকা ও গতিশীল রাখা সম্ভব।
এজেড