Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

স্মার্টফোন চার্জিংয়ের ভুল অভ্যাস: তার ধরে টানলেই নষ্ট হতে পারে চার্জার

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৯ আগস্ট ২০২৬, ১১:৫২ এএম

তাড়াহুড়া বা আলস্যের কারণে ফোন চার্জ হয়ে যাওয়ার পর অনেকেই বিছানায় শুয়ে এক হাতে কেবল ধরে জোরে টান দিয়ে খুলে ফেলেন। অথচ এই সাধারণ অভ্যাসটিই ফোনের চার্জিং পোর্ট এবং মূল্যবান চার্জারের মারাত্মক ক্ষতি করতে পারে।

অনেকেই চার্জারের মূল প্লাস্টিক হেডে হাত না দিয়ে দূর থেকেই তার ধরে নিজের দিকে টেনে নেন। এই প্রতিদিনের ঝাঁকুনির ফলে তারের ভেতরের অতি সূক্ষ্ম তামার তার ছিঁড়ে যেতে পারে এবং পিনের গোড়ায় তার ঢিলে হয়ে শর্ট সার্কিটের বড় ঝুঁকি তৈরি হতে পারে। এছাড়া কেবলটি তির্যকভাবে বা বাঁকিয়ে খুললে ফোনের ভেতরের টাইপ-সি বা লাইটনিং পোর্টের (Type-C / Lightning Port) ওপর ভুলভাবে চাপ পড়ে। এর ফলে মাত্র কয়েক দিনের মধ্যেই ফোনের পোর্ট ঢিলে হয়ে যায় এবং চার্জার লাগানোর পর সামান্য নড়াচড়াতেই চার্জিং বন্ধ হয়ে যায়।

iPhone-with-charger-port-and-a-red-x

ফোন থেকে পিন খুলে নেওয়ার পরেও দেওয়ালের সুইচ বন্ধ না করে চার্জারটি সকেটে দিনরাত লাগিয়ে রাখার অভ্যাস অনেকেরই রয়েছে। সুইচ চালু থাকলে অ্যাডাপ্টারের অভ্যন্তরীণ সার্কিটের ওপর ক্রমাগত বিদ্যুতের চাপ থাকে, যার ফলে চার্জার গরম হয়ে ধীরে ধীরে এর চার্জিংয়ের গতি কমে যেতে পারে।

আরও পড়ুন: বাংলাদেশে কেন গোল পিনের প্লাগ আর আমেরিকা-জাপানে চ্যাপ্টা?

মোবাইল এবং চার্জার দীর্ঘদিন ভালো রাখতে হলে কিছু সহজ নিয়ম মেনে চলা জরুরি। চার্জিং শেষ হলে এক হাত দিয়ে ফোন শক্ত করে ধরে অন্য হাত দিয়ে কেবলের প্লাস্টিক অংশ বা কানেক্টর হেড সোজা বাইরেের দিকে টানতে হবে। ভুলেও কেবল ঝাঁকিয়ে বা শুধু তার ধরে টান দিয়ে খোলা যাবে না। প্রথমে ফোন থেকে পিন সোজা করে খুলে নেওয়ার পর দেওয়ালের সুইচ বন্ধ করে অ্যাডাপ্টারটি সকেট থেকে নিরাপদে আলাদা করে রাখতে হবে। এই নিয়মগুলো মেনে চললে ফোনের পোর্ট ও চার্জার দীর্ঘদিন নতুনের মতো ভালো থাকবে।

এজেড