Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

স্মার্টফোনের ব্যাটারির আয়ু কত দিন? ঘরে বসেই যেভাবে চেক করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ০৯:২৭ এএম

স্মার্টফোন এখন মানুষের জীবনের অন্যতম প্রয়োজনীয় ডিভাইস হয়ে উঠেছে। বাজারে স্মার্টফোনের ক্ষেত্রে মূলত দুটি অপশন রয়েছে—অ্যানড্রয়েড এবং আইফোন অর্থাৎ আইওএস। অ্যাপলের আইফোন তুলনামূলকভাবে বেশি দামি হলেও এই ডিভাইসের প্রতি মানুষের আকর্ষণ যথেষ্ট বেশি। তবে নতুন স্মার্টফোন কেনার সময় সাধারণত মানুষ ক্যামেরা, প্রসেসর, ডিসপ্লে এবং স্টোরেজের মতো বিষয়গুলোতে বেশি গুরুত্ব দেন। কিন্তু ফোনের ব্যাটারির স্বাস্থ্যকে প্রায়ই উপেক্ষা করা হয়।

কয়েক বছর ব্যবহারের পর ব্যাটারি দ্রুত শেষ হতে শুরু করে, ফোন গরম হতে পারে এবং বারবার চার্জ দেওয়ার প্রয়োজন হয়। এই প্রতিবেদনে জেনে নিন, কীভাবে খুব সহজেই আপনার ফোনের ব্যাটারি স্বাস্থ্য সম্পর্কে জানতে পারবেন।

কত বছর পর্যন্ত ফোনের ব্যাটারি ভালো থাকে?

বর্তমানে বেশিরভাগ স্মার্টফোনে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। স্বাভাবিক ব্যবহারে একটি ফোনের ব্যাটারি প্রায় দুই থেকে চার বছর ভালো পারফরম্যান্স দিতে পারে। তবে ব্যাটারির প্রকৃত আয়ু নির্ভর করে চার্জিং সাইকেল, তাপমাত্রা, ফোনের ব্যবহার এবং চার্জ করার অভ্যাসের ওপর।

সময়ের সঙ্গে ব্যাটারির ক্ষমতাও ধীরে ধীরে কমতে থাকে। অর্থাৎ নতুন ফোন যেখানে একবার চার্জে সারাদিন চলতে পারে, কয়েক বছর পর একই ধরনের ব্যবহারে সেটির ব্যাটারি অনেক দ্রুত শেষ হয়ে যেতে পারে। যদি ফোনের ব্যাটারি আগের তুলনায় খুব দ্রুত ডিসচার্জ হয়ে যায়, আচমকা বন্ধ হয়ে যায় অথবা চার্জ করার সময় অতিরিক্ত গরম হয়, তাহলে বুঝতে হবে ফোনের ব্যাটারি দুর্বল হয়ে পড়েছে।

maxresdefault

এছাড়াও ব্যাটারি ফুলে গেলে ফোনের পেছনের প্যানেল বা স্ক্রিন বাইরের দিকে উঠে আসতে পারে। এমন পরিস্থিতিতে ফোন ব্যবহার না করে সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়াই নিরাপদ।

আইফোনে ব্যাটারি স্বাস্থ্য চেক করার পদ্ধতি

আইফোনে অ্যাপল ব্যাটারি স্বাস্থ্য চেক করার জন্য বিশেষ অপশন দিয়েছে। এর জন্য প্রথমে সেটিংসে যান। এরপর ব্যাটারি অপশনে ক্লিক করুন। সেখানে ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং অপশন দেখতে পাবেন। সেটিতে ক্লিক করুন। সেখানে সর্বোচ্চ ক্ষমতা দেখা যাবে। এতে বুঝতে পারবেন, নতুন অবস্থার তুলনায় বর্তমানে আপনার ফোনের ব্যাটারি কতটা ক্ষমতা ধরে রাখতে পারছে। একই বিভাগে আইফোনের ব্যাটারির পারফরম্যান্স সম্পর্কিত আরও তথ্যও পাওয়া যায়।

আরও পড়ুন: বেশি ওয়াটের চার্জার কি ফোন দ্রুত চার্জ করে? জেনে নিন আসল সত্য

অ্যানড্রয়েড ফোনে কীভাবে ব্যাটারি স্বাস্থ্য চেক করবেন

অ্যানড্রয়েড ফোনে ব্যাটারি স্বাস্থ্য চেক করার পদ্ধতি কোম্পানি এবং মডেল অনুযায়ী আলাদা হতে পারে। কিছু স্মার্টফোনে সেটিংসে গিয়ে ব্যাটারি এবং তারপর ব্যাটারি হেলথ অপশনে প্রবেশ করলেই ব্যাটারির অবস্থা জানা যায়। যদি আপনার ফোনে এই অপশন না থাকে, তাহলে ফোনের সেটিংস-এ ব্যাটারি ইনফরমেশন লিখে সার্চ করে দেখতে পারেন। কিছু স্মার্টফোন ব্র্যান্ড ব্যাটারির পাওয়ার, চার্জিং সাইকেল অথবা ব্যাটারির বর্তমান অবস্থা আলাদা আলাদাভাবে দেখায়।

এজেড