তথ্যপ্রযুক্তি ডেস্ক
২২ আগস্ট ২০২৬, ০৯:৫৫ এএম
স্মার্টফোন বর্তমানে পুরো বিশ্বের মানুষের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছে। এখন প্রায় প্রতিটি মানুষই তাদের ব্যক্তিগত ও পেশাগত নানা কাজের জন্য স্মার্টফোনের ওপর নির্ভর করেন। তবে প্রায়ই লক্ষ্য করা যায়, স্মার্টফোনের ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে কারো ফোন খুব দ্রুত চার্জ হয়ে যায়, আবার কারো ফোনে চার্জ হতে অনেক বেশি সময় নেয়। এর প্রধান কারণ হলো অনেক ডিভাইসের সঙ্গে উচ্চ ক্ষমতার ফাস্ট চার্জার সরবরাহ করা হয়, যা খুব অল্প সময়ে ফোন চার্জ করতে সক্ষম। বর্তমানে বাজারে ৩৩ ওয়াট, ৬৭ ওয়াট এমনকি একশো ওয়াটের মতো দ্রুত চার্জিং ক্ষমতা সম্পন্ন চার্জারও বেশ সহজলভ্য। তাই স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন জাগে যে, একটি স্মার্টফোন আদতে সর্বোচ্চ কত ক্ষমতার চার্জার সমর্থন করতে পারে? এই বিষয়ে বিস্তারিত তথ্য অনেকেরই অজানা।
বর্তমানে বিভিন্ন ধরনের স্মার্টফোনে ভিন্ন ভিন্ন চার্জিং ক্ষমতা দেখতে পাওয়া যায়। সাধারণ ও সাশ্রয়ী বাজেটের ফোনগুলোতে দশ ওয়াট থেকে পঁচিশ ওয়াট পর্যন্ত চার্জিং ক্ষমতা বেশ প্রচলিত। অন্যদিকে মাঝারি মানের এবং প্রিমিয়াম বা দামি স্মার্টফোনগুলোতে তেত্রিশ ওয়াট, পঁয়তাল্লিশ ওয়াট, সাতষট্টি ওয়াট কিংবা আশি ওয়াটের মতো দ্রুত চার্জিং প্রযুক্তি সমর্থন করে। এর পাশাপাশি কিছু বিশেষ প্রযুক্তির স্মার্টফোনে এখন একশো ওয়াট, একশো কুড়ি ওয়াট বা তার থেকেও বেশি ক্ষমতার চার্জিং সমর্থন করতে দেখা যাচ্ছে। তবে সব ফোনেই এই ধরনের অতিরিক্ত উচ্চ ক্ষমতা থাকে না। এটি সম্পূর্ণভাবে নির্ভর করে ডিভাইসে ব্যবহার করা ব্যাটারি, অভ্যন্তরীণ চার্জিং সার্কিট এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর।

মূলত যেকোনো স্মার্টফোনের সর্বোচ্চ চার্জিং গতি তার ভেতরের যন্ত্রাংশ এবং চার্জিং প্রযুক্তির ওপর নির্ভর করে নির্ধারিত হয়। যেমন কোনো ফোন যদি তেত্রিশ ওয়াটের দ্রুত চার্জিং সমর্থন করে, তবে সেই ডিভাইসে সাতষট্টি ওয়াট বা একশো ওয়াটের চার্জার যুক্ত করলেও ফোনটি সাধারণত তার নির্ধারিত সর্বোচ্চ সীমা অনুযায়ীই বিদ্যুৎ গ্রহণ করবে। অর্থাৎ চার্জারের ক্ষমতা বেশি হলেই যে ফোন সেই পরিমাণ বিদ্যুৎ টেনে নেবে, বিষয়টি এমন নয়। ফোন এবং চার্জারের মধ্যে নির্দিষ্ট ডিজিটাল প্রোটোকলের মাধ্যমেই মূলত ফোনের প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ নির্ধারিত হয়ে থাকে।
আরও পড়ুন: স্মার্টফোনেরও এক্সপায়ার ডেট থাকে— জানতেন আগে?
এমন প্রশ্ন প্রায়ই আসে যে কম ক্ষমতার চার্জিং সমর্থনকারী ফোনে কি একশো ওয়াটের চার্জার ব্যবহার করা সম্ভব? যদি সেই উচ্চ ক্ষমতার চার্জারটি কোনো নির্ভরযোগ্য বা ভালো কোম্পানির তৈরি হয় এবং ফোনে থাকা চার্জিং প্রোটোকল সমর্থন করে, তবে কম ক্ষমতার ফোনেও সেটি ব্যবহার করা যেতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কম ক্ষমতার ফোনে কখনো কোনো নিম্নমানের বা নকল দ্রুত চার্জিংয়ের চার্জার ব্যবহার করা উচিত নয়। এর ফলে ফোনের ব্যাটারি কিংবা অন্যান্য মূল্যবান যন্ত্রাংশ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার বড় ধরনের ঝুঁকি থাকে।

সর্বোপরি এটি মনে রাখা জরুরি যে চার্জিংয়ের গতি কেবল ওয়াটের ওপর নির্ভর করে না। ব্যাটারির বর্তমান স্বাস্থ্য, ডিভাইসের তাপমাত্রা, চার্জিং প্রোটোকল, সংযোগকারী তারের মান এবং ফোনের সফটওয়্যারও এর ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। এছাড়া ফোনের ব্যাটারি যখন অনেক কম থাকে, তখন চার্জিং প্রক্রিয়া কিছুটা দ্রুত হতে পারে। তবে শেষ পর্যন্ত ফোনটি ঠিক যতটা বিদ্যুৎ গ্রহণ করতে সক্ষম, ব্যাটারি সেই নির্দিষ্ট সীমা মেনেই চার্জ গ্রহণ করবে।
এজেড