আসাদুজ্জামান লিমন
১৫ আগস্ট ২০২৬, ১২:০৯ পিএম
ঢাকায় কর্মরত একটি গণমাধ্যমের কর্মী রেজাউল হোসাইন হঠাৎ মোবাইল ফোনে একটি মেসেজ পান, তাতে লেখা একটি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ৩০০০ টাকা কেটে নেওয়া হয়েছে। অথচ তিনি কিছুই জানেন না। এমনকি পাসওয়ার্ডও দেননি। তিনি আগে ভাবতেন বিকাশ থেকে কাউকে টাকা পাঠানো যা পেমেন্ট হলে তার অনুমতি লাগবে। পিন প্রবেশ করা হবে। অথচ তার অজান্তেই টাকা কেটে নেওয়া হয়েছে। মাসের শেষের দিকে ৩০০০ টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়ায় তিনি বেকায়দায় পড়েছেন।
রেজাউল করিম জানান, বিকাশ থেকে টাকা কেটে নেওয়ার পর প্রথমে ওই পেমেন্ট গেটওয়ের কাস্টমার কেয়ার নম্বরে ফোন দিয়েছিলেন। কিন্তু তারা কোনো তথ্য দিয়ে সহায়তা করতে পারেননি। পরে বিকাশের কাস্টমার কেয়ারেও ফোন দিয়ে তেমন কোনো তথ্য পাননি। শেষে একজন সহকর্মীকে বিষয়টা জানালে তিনি সুরাহা দেন। রেজাউলের ফোনে থাকা বিভিন্ন অ্যাপে বিকাশ বাউন্ডিং করা আছে কিনা তা দেখতে বলেন। এবং তিনি দেখতে পান তার বিকাশ অ্যাপে বেশ কয়েকটি সার্ভিস বাউন্ডিং করা আছে। যেগুলো বিভিন্ন পেমেন্ট গেটওয়ে লিংক করা। পরে তিনি যেসব অ্যাপে বিকাশ বাউন্ডিং করা সেগুলো রিমুভ করে আপাতত নিস্তার পান। তবে বিকাশ অ্যাকাউন্ট থেকে যে টাকা কেটে নেওয়া হয়েছে, সেটা আর ফেরত আনার উপায় নেই।
রেজাউলের মতো অনেকেই বিকাশ নিয়ে এমন সমস্যায় পড়েছেন। তারা হয়তো বিভিন্ন অ্যাপে বিকাশ বাউন্ডিং করে রেখেছেন পেমেন্ট সিস্টেম হিসেবে। পরে হয়তো ভুলে গেছেন। কিংবা মোবাইল অপারেটরদের অ্যাপে বিভিন্ন সাবক্রিপশন অটো রিনিউয়াল চালু রেখেছেন। যার ফলে মাসে মাসে গ্রাহকদের অজান্তেই বিকাশ অ্যাকাউন্ট খালি হচ্ছে।
বিকাশ অ্যাকাউন্ট কোন কোন অ্যাপে বাইন্ডিং করা আছে জানবেন যেভাবে
আপনার বিকাশ অ্যাকাউন্টটি দেশের কোন কোন থার্ড-পার্টি অ্যাপ বা সেবার (যেমন-বিভিন্ন ফুড ডেলিভারি, শপিং, রাইড শেয়ারিং অ্যাপ বা ব্যাংক অ্যাকাউন্ট) সঙ্গে বাইন্ডিং করা আছে তা খুব সহজেই বিকাশ অ্যাপ থেকেই চেক করতে পারবেন।
বিকাশ অ্যাকাউন্ট কোন কোন অ্যাপে বাইন্ডিং করা আছে তা জানার এবং নিয়ন্ত্রণ করার উপায় নিচে দেওয়া হলো-
বিকাশ অ্যাপ থেকে চেক করার নিয়ম:
১. প্রথমে আপনার স্মার্টফোনে বিকাশ অ্যাপ ওপেন করুন এবং পিন নম্বর দিয়ে লগইন করুন।
২. হোম স্ক্রিনের ওপরের ডানপাশে আপনার প্রোফাইল পিকচার বা আইকনে ট্যাপ করুন।
৩. প্রোফাইল মেনু থেকে একটু নিচে স্ক্রল করে 'অ্যাকাউন্ট ইনফো' বা 'ম্যানেজ অ্যাকাউন্ট' অপশনে যান (অ্যাপের আপডেট সংস্করণে অপশনটি সরাসরি 'অটো-পে ও বাইন্ডিং' বা শুধু 'বাইন্ডিং' নামেও থাকতে পারে)।
৪. সেখানে 'অ্যাপ বাইন্ডিং' (App Binding) বা 'অটো-পে' অপশনটি দেখতে পাবেন, সেখানে প্রবেশ করুন।
৫. এবার আপনার বিকাশ অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকা অ্যাপগুলোর একটি তালিকা দেখতে পাবেন।
বাইন্ডিং বা অটো-পে বাতিল করার নিয়ম:
তালিকা দেখার পর যদি মনে হয় কোনো অপ্রয়োজনীয় বা অপরিচিত অ্যাপের সাথে আপনার বিকাশ অ্যাকাউন্ট বাইন্ডিং করা আছে, তবে আপনি চাইলে তা খুব সহজেই বাতিল বা রিমুভ করে দিতে পারেন:
তালিকা থেকে যে অ্যাপটির বাইন্ডিং বা অটো-পে বন্ধ করতে চান, তার পাশে থাকা 'বাতিল করুন' (Cancel) বা 'রিমুভ' অপশনে ট্যাপ করুন।
এরপর নিশ্চিত করলেই উক্ত অ্যাপটির সাথে আপনার বিকাশ অ্যাকাউন্টের সংযোগ বা অটো-পে সুবিধা চিরতরে বন্ধ হয়ে যাবে।
কোনো অপরিচিত বা সন্দেহজনক অ্যাপে বিকাশ বাইন্ডিং করা দেখলে তা সাথে সাথে রিমুভ করে দেওয়া নিরাপদ।
এজেড