তথ্যপ্রযুক্তি ডেস্ক
১০ আগস্ট ২০২৬, ০৯:৪৫ এএম
স্যামসাংয়ের জনপ্রিয় গ্যালাক্সি এস২৩ এফই (Galaxy S23 FE) স্মার্টফোনটি নিয়ে বড় ধরনের তথ্য সামনে এসেছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, অ্যানড্রয়েড ১৭ ভিত্তিক ওয়ান ইউআই ৯ (One UI 9) হবে এই ডিভাইসের সর্বশেষ বড় অপারেটিং সিস্টেম আপডেট।
স্যামসাং সাধারণত তাদের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে দীর্ঘ সময় সফটওয়্যার আপডেট দিয়ে থাকে। গ্যালাক্সি এস২৩ সিরিজ বাজারে আসার সময় চার বছরের প্রধান ওএস আপডেটের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে কোরিয়ান সংস্করণের একটি অফিসিয়াল চ্যাট স্ক্রিনশট থেকে জানা গেছে, এস২৩ এফই মডেলটির ক্ষেত্রে আপডেট পরিকল্পনা কিছুটা পরিবর্তিত হয়েছে। শুরুতে অ্যানড্রয়েড ১৮ পর্যন্ত আপডেট পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত অ্যানড্রয়েড ১৭ ভিত্তিক ওয়ান ইউআই ৯-ই হবে এই ফোনের অন্তিম বড় ওএস আপডেট।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সংস্করণটি স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দিয়ে পরিচালিত হলেও, বিশ্বের অন্যান্য অঞ্চলের গ্যালাক্সি এস২৩ এফই ফোনগুলোতে এক্সিনোস ২২০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অঞ্চলভেদে অ্যানড্রয়েড ১৩ বা অ্যানড্রয়েড ১৪ নিয়ে বাজারে আসলেও সমস্ত মডেলের জন্যই ওয়ান ইউআই ৯ হবে শেষ বড় সফটওয়্যার সংস্করণ।
আরও পড়ুন: নতুন নামে আসছে রেডমি ১৭সি ৫জি, মিলল অন্য ডিভাইসের রিব্র্যান্ডের রূপ
স্যামসাং ইতিমধ্যে মূল গ্যালাক্সি এস২৩ সিরিজের জন্য ওয়ান ইউআই ৯ নিয়ে কাজ শুরু করেছে। তবে এর স্থিতিশীল বা স্টেবল সংস্করণ কবে নাগাদ সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি।
এজেড