Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

ল্যাপটপের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ ও সমাধানের উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৭ আগস্ট ২০২৬, ০৯:১২ এএম

ল্যাপটপ আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত প্রয়োজনীয় একটি ডিভাইস। অফিসের কাজ বা প্রজেক্ট তৈরি থেকে শুরু করে বিনোদনের মাধ্যম হিসেবেও ল্যাপটপ সমানভাবে কার্যকর। কিন্তু অনেকেরই অভিযোগ, ব্যবহারের কিছুদিনের মধ্যেই ল্যাপটপের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। মূলত আমাদেরই কিছু ছোটখাটো ভুল বা ভুল সেটিংসের কারণে এমনটা ঘটে। সঠিক কিছু সতর্কতা ও নিয়মের মাধ্যমে এই সমস্যার সহজ সমাধান করা সম্ভব।

ল্যাপটপের স্ক্রিনের উজ্জ্বলতা বা ব্রাইটনেস সবসময় ১০০ শতাংশে রাখলে ব্যাটারি অনেক দ্রুত শেষ হয়। তাই প্রয়োজনের তুলনায় উজ্জ্বলতা কমিয়ে রাখলে ব্যাটারির ব্যাকআপ অনেকটাই বাড়ানো সম্ভব।

অনেক সময় আমরা বেশ কিছু অ্যাপ ব্যবহার না করলেও সেগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং প্রচুর ব্যাটারি খরচ করে। তাই উইন্ডোজের টাস্ক ম্যানেজার বা ম্যাকবুকের অ্যাক্টিভিটি মনিটরে গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপগুলো বন্ধ করে রাখা জরুরি।

images_(1)

ওয়াই-ফাই, ব্লুটুথ বা কিবোর্ডের ব্যাকলাইট সবসময় চালু রাখলে ব্যাটারির ওপর বাড়তি চাপ পড়ে। তাই ব্যবহারের প্রয়োজন না থাকলে এই ফিচারগুলো বন্ধ রাখলে ব্যাটারি দীর্ঘক্ষণ সচল থাকে।

ল্যাপটপের ব্যাটারি সাশ্রয়ী মোড বা পাওয়ার সেভিং মোড সবসময় ব্যবহার করা উচিত। এই ফিচারটি ব্যাকগ্রাউন্ডের অপ্রয়োজনীয় কার্যক্রম কমিয়ে প্রসেসরের বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণ করে, যা দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে সাহায্য করে।

ল্যাপটপ পুরনো হয়ে গেলে এর ব্যাটারির কার্যক্ষমতা স্বাভাবিকভাবেই কমে যায়। তাই নিয়মিত ব্যাটারির স্বাস্থ্য বা হেলথ পরীক্ষা করা উচিত। যদি ব্যাটারির স্বাস্থ্য অনেক বেশি খারাপ হয়ে যায়, তবে নতুন ব্যাটারি ব্যবহার করা বুদ্ধিমানের কাজ।

images

ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য সবসময় ল্যাপটপের নিজস্ব বা অরিজিনাল চার্জার ব্যবহার করা উচিত। নিম্নমানের বা লোকাল চার্জার ব্যাটারির মারাত্মক ক্ষতি করতে পারে। এছাড়া দীর্ঘ সময় ভারী সফটওয়্যার চালানো বা অতিরিক্ত তাপমাত্রায় ল্যাপটপ ব্যবহার থেকে বিরত থাকা উচিত, কারণ এতে ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়ে।

ল্যাপটপের সফটওয়্যার ও ড্রাইভার নিয়মিত আপডেট করা উচিত। কারণ অনেক সময় নতুন আপডেটে ব্যাটারি অপ্টিমাইজেশনের সুবিধা যুক্ত করা থাকে, যা ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ উন্নত করতে সাহায্য করে।

আরও পড়ুন: ঘণ্টার পর ঘণ্টা ফোন ব্যবহার করেন? চোখের সুরক্ষায় বদলান এই ৫ সেটিংস

এই নিয়মগুলো মেনে চলার পরও যদি ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়, তবে বুঝতে হবে এটি পরিবর্তনের সময় এসেছে। সেক্ষেত্রে অনুমোদিত সার্ভিস সেন্টারে যোগাযোগ করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। ছোটখাটো এই সতর্কতা ও সঠিক সেটিংস ব্যবহারের মাধ্যমেই ল্যাপটপের ব্যাটারির আয়ু অনেকাংশে বাড়িয়ে দীর্ঘস্থায়ী সুফল পাওয়া সম্ভব।

এজেড