তথ্যপ্রযুক্তি ডেস্ক
০১ আগস্ট ২০২৬, ০৯:১৭ এএম
সামান্য কিছু অসাবধানতার কারণে প্রায়ই সাধের চার্জার নষ্ট হয়ে যায়। বর্তমান সময়ে স্মার্টফোন, ট্যাব বা ল্যাপটপের মতো বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রের সঙ্গে চার্জার আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। কিন্তু সঠিক নিয়মে ব্যবহার না করায় অনেকেরই চার্জারের তার অল্পদিনের মধ্যে নষ্ট হয়ে যায়, ফলে নতুন চার্জার কিনতে বাড়তি খরচ করতে হয়। স্মার্টফোন, ল্যাপটপ বা ট্যাবের চার্জারের তার দীর্ঘদিন ভালো রাখার সহজ ও কার্যকরী উপায়গুলো জেনে নিলে এই বাড়তি খরচ এড়ানো সম্ভব।
চার্জারের তার দীর্ঘদিন ভালো রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেটিকে কখনো খুব শক্ত করে পেঁচিয়ে রাখা যাবে না। এতে তারের ভেতরে থাকা সূক্ষ্ম তামার তারের ওপর বাড়তি চাপ পড়ে এবং ধীরে ধীরে সংযোগ দুর্বল হয়ে যেতে পারে। তাই ব্যবহারের পর তারটি সবসময় ঢিলেঢালাভাবে গুছিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ।
চার্জার খুলতে বা লাগাতে সবসময় প্লাগ বা কানেক্টর অংশ ধরে ব্যবহার করা উচিত। অনেকেই তাড়াহুড়া করে সরাসরি তার ধরে টান দেন, যা চার্জারের সংযোগস্থলকে দুর্বল করে দেয়। এই অভ্যাসের কারণে খুব দ্রুত তার ছিঁড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।
চার্জারের তার ব্যাগের মধ্যে জোর করে গুঁজে রাখা বা ভারী কোনো জিনিসের নিচে চাপা দেওয়া উচিত নয়। অতিরিক্ত ভাঁজ পড়লে তারের বাইরের আবরণ ফেটে যেতে পারে এবং ভেতরের তার ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এমন জায়গায় চার্জার সংরক্ষণ করা উচিত যেখানে সেটির ওপর অযথা কোনো চাপ পড়েনি।

অনেকেই আবার চার্জার বিছানা, বালিশ বা রোদে গরম হয়ে থাকা জায়গায় ফেলে রাখেন। অতিরিক্ত তাপ চার্জারের তার ও অ্যাডাপ্টারের আয়ু কমিয়ে দিতে পারে। তাই সবসময় শুষ্ক, ঠান্ডা ও নিরাপদ স্থানে চার্জার রাখা দরকার।
আরও পড়ুন: ফ্রিজ নষ্ট হয়েছে কি না একটা সাদা কাগজের টুকরো বলে দেবে
চার্জারের তারে যদি কোথাও ফাটল, কেটে যাওয়া বা বাইরের আবরণ উঠে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়, তবে তা ব্যবহার না করাই সবচেয়ে নিরাপদ। কারণ এতে শর্ট সার্কিট, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া বা দামি ডিভাইস ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। সামান্য কিছু সতর্কতা ও সঠিক অভ্যাসই চার্জারের তার দীর্ঘদিন ভালো রাখতে এবং অপ্রয়োজনীয় খরচ কমাতে সাহায্য করবে।
এজেড