Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

ব্লুটুথ বাগিং স্ক্যাম: ২৪ ঘণ্টা ব্লুটুথ অন রাখলেই বিপদ!

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৩১ জুলাই ২০২৬, ১০:১৩ এএম

ব্লুটুথ সবসময় চালু রাখলে ব্লুটুথ বাগিংয়ের মতো সাইবার হামলার ঝুঁকি বাড়তে পারে। কীভাবে হ্যাকাররা সুযোগ নেয় এবং কোন সেটিংস বদলালে নিরাপদ থাকবেন, এই প্রতিবেদনে জেনে নিন। 

বর্তমান সময়ে সাইবার প্রতারণার ঘটনা দ্রুত বাড়ছে। প্রতারকরা মানুষকে ফাঁদে ফেলতে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল ব্যবহার করছে। এই পরিস্থিতিতে অনেকেই টিডব্লিউএস ইয়ারবাড, স্মার্টওয়াচ বা অন্য কোনো ডিভাইস ব্যবহার করার পরও ফোনের ব্লুটুথ বন্ধ করেন না। আর এই অভ্যাসই আপনাকে সাইবার অপরাধীদের সহজ লক্ষ্য বানিয়ে দিতে পারে। জনবহুল জায়গায় হ্যাকাররা ব্লুটুথ বাগিংয়ের মতো প্রযুক্তি ব্যবহার করে আপনার ফোনে প্রবেশের চেষ্টা করতে পারে। তবে কয়েকটি সহজ সেটিংস বদলালেই এই ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব।

smartphone-4023312_1280-e1598020931424

ব্লুটুথ বাগিং হলো এমন একটি সাইবার আক্রমণ, যেখানে হ্যাকাররা ব্লুটুথ সংযোগের অপব্যবহার করার চেষ্টা করে। যদি কোনো ফোনের ব্লুটুথ দীর্ঘ সময় ধরে চালু থাকে এবং সেটি আশপাশের অন্য ডিভাইসের কাছে দৃশ্যমান হয়, তাহলে জনবহুল স্থানে হ্যাকাররা সেই ডিভাইসের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করতে পারে। সফল হলে তারা ফোন কল, মেসেজ বা অন্যান্য ব্যক্তিগত তথ্যের অ্যাক্সেস পাওয়ার চেষ্টা করতে পারে।

যারা টিডব্লিউএস ইয়ারবাড, স্মার্টওয়াচ, স্পিকার বা গাড়ির সঙ্গে ফোন সংযোগ করার পর ব্লুটুথ বন্ধ করেন না, তাদের ঝুঁকি বেশি। রেলস্টেশন, বিমানবন্দর, শপিং মল, ক্যাফে বা ভিড়ভাট্টার জায়গায় সবসময় ব্লুটুথ চালু থাকলে তা সাইবার প্রতারকদের সুযোগ করে দিতে পারে। তাই কাজ শেষ হয়ে যাওয়ার পর ব্লুটুথ বন্ধ করে দেওয়াই বুদ্ধিমানের কাজ।

images

ব্লুটুথ ব্যবহার শেষ হলেই সেটি বন্ধ করে দিন। যদি ব্লুটুথ চালু রাখতেই হয়, তাহলে ব্লুটুথ ভিজিবিলিটি বন্ধ রাখুন। এতে আপনার ফোন আশপাশের অচেনা ডিভাইসের কাছে দৃশ্যমান হবে না। ফলে কোনো অপরিচিত ব্যক্তি আপনার ফোনের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করতে পারবে না। সামান্য এই সতর্কতাই ব্লুটুথ বাগিংয়ের মতো সাইবার ঝুঁকি থেকে আপনাকে রক্ষা করতে পারে।

আরও পড়ুন: গুগল ম্যাপসের গোপন ফিচার: এই ৪টি সেটিংস চালু করলে জ্বালানি সাশ্রয় হবে

বর্তমানে স্মার্টফোনেই থাকে ব্যাংকিং তথ্য, ব্যক্তিগত চ্যাট, ছবি এবং আরও নানা গুরুত্বপূর্ণ তথ্য। তাই ব্লুটুথের মতো ছোট একটি সেটিংও আপনার নিরাপত্তার সঙ্গে জড়িত। যখন ব্লুটুথের প্রয়োজন শেষ হবে, তখন সেটি বন্ধ করে দিন এবং ব্লুটুথ ভিজিবিলিটি অফ রাখুন। এই ছোট্ট ডিজিটাল অভ্যাস আপনার ফোন এবং ব্যক্তিগত তথ্যকে আরও সুরক্ষিত রাখতে সাহায্য করবে।

এজেড