তথ্যপ্রযুক্তি ডেস্ক
৩১ জুলাই ২০২৬, ০৯:২৮ এএম
রাস্তা খুঁজতে আমরা কমবেশি সবাই গুগল ম্যাপস ব্যবহার করে থাকি। তবে এই অ্যাপ শুধু গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজই করে না, বরং আপনার সময়, জ্বালানি এবং অর্থও বাঁচাতে পারে। সামান্য গতির নিয়ম লঙ্ঘনের কারণে অনেক সময় জরিমানা গুনতে হয়, কিংবা ভুল রাস্তা ধরার ফলে বড় ট্রাফিক জ্যামে পড়ে অতিরিক্ত জ্বালানি খরচ হয়। তবে গুগল ম্যাপসে এমন কিছু বিশেষ সেটিংস রয়েছে, যেগুলো চালু করলেই আপনি সময়, পেট্রোল এবং টাকা সাশ্রয় করতে পারবেন।
স্পিডোমিটার চালু করুন
এই সেটিংস চালু থাকলে অতিরিক্ত গতির জন্য জরিমানার ঝুঁকি অনেকটাই কমে যায়। হাইওয়ে বা শহরের রাস্তায় অনেক সময় গতিসীমা বোঝা যায় না, আর ট্রাফিক ক্যামেরা সঙ্গে সঙ্গে জরিমানা করে দেয়। গুগল ম্যাপসে ইন-বিল্ট স্পিডোমিটার এবং স্পিড লিমিটস ফিচার রয়েছে।
যেভাবে চালু করবেন: গুগল ম্যাপস খুলে নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এরপর সেটিংস থেকে নেভিগেশন সেটিংসে যান। নিচে স্ক্রল করে স্পিডোমিটার এবং স্পিড লিমিটসের টগল অন করুন।
সুবিধা: গাড়ির গতি নির্ধারিত সীমা ছাড়িয়ে গেলে অ্যাপটি সঙ্গে সঙ্গে স্ক্রিনে সতর্কবার্তা দেখাবে।
পরিবেশবান্ধব রুট বেছে নিন
এই ফিচার ব্যবহার করলে জ্বালানির খরচ কমানো যায়। গুগল ম্যাপসের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক অ্যালগরিদম এমন রাস্তা বেছে দেয়, যেখানে তুলনামূলক কম জ্বালানি খরচ হয়। এটি উঁচু-নিচু রাস্তা, ট্রাফিক জ্যাম এবং বারবার থামতে হয় এমন রাস্তা বিবেচনা করে রুট নির্বাচন করে।
যেভাবে চালু করবেন: নেভিগেশন সেটিংসে গিয়ে জ্বালানি সাশ্রয়ী রুট পছন্দ করার অপশনটি চালু করুন।

সুবিধা: এই সেটিংস চালু থাকলে এমন রাস্তা দেখানো হবে যেখানে গাড়ি তুলনামূলকভাবে সমান গতিতে চালানো যায়। ফলে বারবার ব্রেক বা গতি বাড়ানোর প্রয়োজন কমে এবং পেট্রলের ব্যবহার ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত কমতে পারে।
টোল এড়িয়ে চলুন এবং টোল খরচ জানুন
এই ফিচার টোলের অতিরিক্ত খরচ বাঁচাতে সাহায্য করে। দীর্ঘ সফরে বের হলে অনেক সময় অজান্তেই বেশি টোলের রাস্তা বেছে নেওয়া হয়। গুগল ম্যাপস আগে থেকেই টোলের আনুমানিক খরচ দেখায়, ফলে আপনি নিজের সুবিধামতো টোলযুক্ত বা টোলমুক্ত রাস্তা বেছে নিতে পারেন।
যেভাবে চালু করবেন: নেভিগেশন সেটিংসে গিয়ে রুট অপশন নির্বাচন করুন। এরপর টোল এড়িয়ে চলা অপশন চালু করুন অথবা টোল পাসের দাম দেখার অপশন অন করুন।
সুবিধা: যাত্রা শুরু করার আগেই জানতে পারবেন কোন রাস্তায় কত টোল লাগবে। ফলে প্রয়োজন অনুযায়ী টোলমুক্ত বা কম খরচের রুট বেছে নিতে পারবেন।
অফলাইন ম্যাপস
ইন্টারনেট না থাকলেও রাস্তা খুঁজে পাওয়া যাবে। পাহাড়ি এলাকা বা নেটওয়ার্কহীন জায়গায় অনেক সময় গুগল ম্যাপস কাজ করা বন্ধ করে দেয়। ফলে রাস্তা হারিয়ে সময় ও জ্বালানি দুইই নষ্ট হয়। এমন পরিস্থিতিতে অফলাইন ম্যাপস ফিচার অত্যন্ত কার্যকর।
আরও পড়ুন: আইফোন চার্জ করার সময় এই ৪টি ভুল কখনোই করবেন না
যেভাবে ব্যবহার করবেন: যে শহর বা এলাকায় যাচ্ছেন সেটি সার্চ করুন। এরপর প্রোফাইল আইকনে গিয়ে অফলাইন ম্যাপস অপশনে সেই এলাকার ম্যাপ আগেই ডাউনলোড করে রাখুন।
সুবিধা: মোবাইল ডেটা বা ইন্টারনেট সংযোগ ছাড়াই সহজে নেভিগেশন ব্যবহার করতে পারবেন।
এজেড