Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

বিনামূল্যে ‘ভেরিফায়েড ব্যাজ’ দিচ্ছে ফেসবুক, পাবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ০১:৩০ পিএম

ফেসবুক ব্যবহারকারীদের জন্য সুখবর। আপনার ফেসবুক ভেরিফাই বা ব্লু টিক নেওয়ার সুযোগ দিল মেটার অধীন বিশ্বের বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যমটি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে তৈরি ভুয়া প্রোফাইল, কনটেন্ট ও প্রতারণা ঠেকাতে ব্যবহারকারীদের প্রকৃত পরিচয় নিশ্চিত করতে নতুন ‘ফেসবুক ভেরিফাইড’ সুবিধা চালু করতে যাচ্ছে মেটা। এই সেবার মাধ্যমে কোনো টাকা খরচ ছাড়াই ব্যবহারকারীরা ভেরিফায়েড ব্যাজ পেতে পারেন।

যেভাবে কাজ করবে এই প্রযুক্তি

এই সুবিধা পেতে ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও বা ফেসিয়াল রেকগনিশন সেলফি ধারণ করতে হবে। এরপর মেটার স্বয়ংক্রিয় ব্যবস্থা সেই ভিডিওটি প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে। সব তথ্য সঠিক হলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিনামূল্যে অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে।

কারা পাবেন এই সুবিধা

এই সুবিধা পেতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

আরও পড়ুন: ফেসবুক ভেরিফাই করতে কী কী লাগে?

অ্যাকাউন্টটি ভালো অবস্থায় থাকতে হবে এবং প্রতারণা, স্ক্যাম বা কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের কোনো রেকর্ড থাকা যাবে না।

নতুন এই ভেরিফিকেশন সুবিধাটি কোনো অফিসিয়াল পেজ বা প্রফেশনাল মোডে থাকা প্রোফাইলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

কোথায় দেখা যাবে এই ব্যাজ

প্রাথমিকভাবে ভেরিফায়েড ব্যাজটি ব্যবহারকারীর প্রোফাইল, ফেসবুক মার্কেটপ্লেস, ডেটিং সেবা এবং বিভিন্ন গ্রুপে দেখা যাবে। পরবর্তীতে ফিডের পোস্টেও এটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। একবার পরিচয় যাচাই সম্পন্ন হলে পুরো ফেসবুক প্ল্যাটফর্মেই ব্যাজটি কার্যকর থাকবে। বিশেষ করে মার্কেটপ্লেসে কেনাবেচা বা গ্রুপে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এই ব্যাজ ব্যবহারকারীদের বাড়তি আস্থা জোগাবে।

পেইড সেবার সঙ্গে পার্থক্য

মেটা জানিয়েছে, এটি তাদের বিদ্যমান পেইড সাবস্ক্রিপশনভিত্তিক ‘মেটা ভেরিফয়েড’ সেবার বিকল্প নয়। মেটা ভেরিফায়েডে অতিরিক্ত গ্রাহক সহায়তা ও অন্যান্য প্রিমিয়াম সুবিধা দেওয়া হলেও, নতুন ফেসবুক ভেরিফাইড কেবল ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করার জন্য সম্পূর্ণ বিনামূল্যে চালু করা হচ্ছে।

আরও পড়ুন: ফেসবুকে ব্লু টিক পাওয়ার উপায়

প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে যে, ব্যাজ থাকার অর্থ এই নয় যে ফেসবুক ওই ব্যবহারকারীকে অনুমোদন করছে বা তার আচরণের নিশ্চয়তা দিচ্ছে। যাচাই করা অ্যাকাউন্টগুলোকেও ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস ও কমার্স পলিসি মেনে চলতে হবে। প্রথম ধাপে নির্দিষ্ট কিছু দেশে এটি চালু করা হচ্ছে এবং পরবর্তীতে ধাপে ধাপে বিশ্বের অন্যান্য দেশেও তা সম্প্রসারণ করা হবে।

এজেড