তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৭ জুলাই ২০২৬, ০৯:৩৮ এএম
স্ক্রিনে গতির নতুন অভিজ্ঞতা দিতে দেশের বাজারে লেনোভোর ৮টি নতুন মডেলের মনিটর নিয়ে এসেছে শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। গত ১১ জুলাই রাজধানীর আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটিতে চলমান ‘সিটি আইটি মনিটর ফেস্ট ২০২৬’-এ আনুষ্ঠানিকভাবে মনিটরগুলো উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস কমিটির সভাপতি আকতার হোসেন খান, সাধারণ সম্পাদক জাহিদ আলী ভূঁইয়া, গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর জিএম কামরুজ্জামান ও জিএম মনিরুল মোর্শেদ, লেনোভো ইন্ডিয়ার ন্যাশনাল ম্যানেজার হাসান রিয়াজ এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর লেনোভো বিজনেস হেড মো. রেজাউল করিম তুহিন।
অফিস, পড়াশোনা কিংবা মাল্টিমিডিয়ার ব্যবহারের জন্য বাজারে এসেছে লেনোভো এল২৪-৪সি, এল২৪ডি-৪সি ও এল২৭-৪সি মডেলের মনিটর। এগুলোতে রয়েছে ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ১ মিলিসেকেন্ড রেসপন্স টাইম। যারা বড় স্ক্রিন পছন্দ করেন, তাদের জন্য রয়েছে ৩১.৫ ইঞ্চির লেনোভো ডি৩২-৪০ মডেল।

পেশাদার গেমার ও কন্টেন্ট ক্রিয়েটরদের কথা মাথায় রেখে লিজিয়ন সিরিজের ৪টি মনিটর আনা হয়েছে। এর মধ্যে লিজিয়ন ২৪-১০ এবং ২৭-১০ মডেলে মিলবে ২৪০ হার্টজ রিফ্রেশ রেট ও ০.৫ মিলিসেকেন্ড রেসপন্স টাইম। রেজোলিউশন ও গতি যারা একসঙ্গে চান, তাদের জন্য রয়েছে কিউএইচডি ডিসপ্লের লিজিয়ন ২৭কিউ-১০ ও ২৭কিউডি-১০ মডেল। এর মধ্যে ফ্ল্যাগশিপ ২৭কিউডি-১০ মডেলে রয়েছে দ্রুতগতির টাইপ-সি পোর্ট। সিরিজের প্রতিটি মনিটরেই রয়েছে আর্গোনোমিক স্ট্যান্ড, যা ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী ঘোরানো বা উচ্চতা সমন্বয় করা যাবে।
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর লেনোভো বিজনেস হেড মো. রেজাউল করিম তুহিন বলেন, "গেমার, কন্টেন্ট ক্রিয়েটর ও করপোরেট ব্যবহারকারীদের প্রিমিয়াম অভিজ্ঞতা দিতেই এই মনিটরগুলো এনেছি। তবে গ্রাহকদের অনুরোধ করব, গ্রে-মার্কেট এড়িয়ে অনুমোদিত চ্যানেল থেকেই জেনুইন পণ্য কিনুন, যাতে ৩ বছরের ওয়ারেন্টির পূর্ণ নিশ্চয়তা পাওয়া যায়।"
প্রতিটি মনিটরে ৩ বছরের অফিশিয়াল পার্টস ও সার্ভিস ওয়ারেন্টি রয়েছে। এখন থেকেই সারা দেশে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর সব অনুমোদিত শাখা, ডিলার শপ ও অনলাইন পোর্টালে মনিটরগুলো পাওয়া যাচ্ছে।
এজেড