Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

সিসকো 'পার্টনার অব দ্য ইয়ার' সম্মাননা পেল এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৭ জুলাই ২০২৬, ০১:৩৮ পিএম

বাংলাদেশের শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সমাধানদাতা প্রতিষ্ঠান এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড (ইসিএল) মর্যাদাপূর্ণ ‘Cisco Partner of the Year FY25 – Bangladesh’ সম্মাননায় ভূষিত হয়েছে। ‘Cisco India & South Asia Partner Confluence 2026’ শীর্ষক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে এই স্বীকৃতি প্রদান করা হয়। সোমবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে উদ্ভাবনী প্রযুক্তিগত সমাধান এবং নেতৃত্বের ক্ষেত্রে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা অর্জন করেছে ইসিএল।

২০১২ সালে সিসকোর সঙ্গে যাত্রা শুরুর পর থেকে গত দেড় দশকে ইসিএল বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত অংশীদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন সংস্থার জন্য উন্নত নেটওয়ার্কিং, সাইবার সিকিউরিটি, কোলাবোরেশন, ডেটা সেন্টার এবং ক্লাউড-ভিত্তিক সমাধান সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি এই অবস্থানে পৌঁছেছে। বর্তমানে ইসিএলে ২৫০-এরও বেশি সার্টিফাইড প্রকৌশলী ও প্রযুক্তি বিশেষজ্ঞ কর্মরত রয়েছেন, যা বাংলাদেশে সিসকো সার্টিফাইড দক্ষ জনবলের অন্যতম বৃহৎ সমন্বয়।

বাংলাদেশে প্রথম প্রতিষ্ঠান হিসেবে সিসকোর নেটওয়ার্কিং, সিকিউরিটি এবং কোলাবোরেশন পোর্টফোলিওতে ‘Preferred Partner’ স্বীকৃতি অর্জনের রেকর্ডও রয়েছে ইসিএলের দখলে। এখন পর্যন্ত ১০০০-এরও বেশি কৌশলগত ও মিশন-ক্রিটিক্যাল প্রকল্প সফলভাবে বাস্তবায়নের পাশাপাশি ৫০০-এরও বেশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, আর্থিক খাত, টেলিযোগাযোগ এবং স্বাস্থ্যসেবা খাতে সেবা প্রদান করছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে ইসিএল ও সিসকোর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিসকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান, সিসকো ইন্ডিয়া অ্যান্ড সার্ক-এর চ্যানেল ম্যানেজিং ডিরেক্টর অশোক শিভশঙ্কর এবং ইসিএলের চেয়ারম্যান আবদুল ফাত্তাহসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 বক্তারা এই অর্জনকে  ইসিএলের উৎকর্ষ, উদ্ভাবন এবং গ্রাহকসেবার প্রতি অবিচল অঙ্গীকারের ফসল হিসেবে অভিহিত করেন।

ভবিষ্যতেও দেশের ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে এবং বৈশ্বিক প্রযুক্তি নেতাদের সঙ্গে যৌথভাবে নিরাপদ ও টেকসই প্রযুক্তিগত সমাধান প্রদানের মাধ্যমে গ্রাহকদের দীর্ঘমেয়াদী মূল্য সৃষ্টিতে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড।

এজেড