images

তথ্য-প্রযুক্তি

আইফোন ১৮ প্রো ম্যাক্সে মিলতে পারে একাধিক বড় আপগ্রেড

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৭ জুন ২০২৬, ০৩:১৩ পিএম

অ্যাপলের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘আইফোন ১৮ প্রো ম্যাক্স’ মডেলকে ঘিরে বাজারে আসার আগেই প্রযুক্তি দুনিয়ায় জোর গুঞ্জন শুরু হয়েছে। যদিও অ্যাপল কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু নিশ্চিত করেনি, তবে বিভিন্ন লিক বা ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নতুন আইফোন আগের মডেলগুলোর তুলনায় বেশ কয়েকটি বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি, নতুন প্রসেসর এবং পরিমার্জিত ডিজাইন হতে পারে এই প্রিমিয়াম ফোনের প্রধান আকর্ষণ।

লিক হওয়া তথ্য থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স-এর সম্ভাব্য ফিচারগুলো নিচে তুলে ধরা হলো-

১. পরিবর্তনশীল অ্যাপারচার প্রযুক্তির ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা

লিক হওয়া রিপোর্ট অনুযায়ী, আইফোন ১৮ প্রো ম্যাক্স-এ ৪৮ মেগাপিক্সেলের একটি নতুন প্রাথমিক ক্যামেরা থাকতে পারে, যেখানে যুক্ত হবে ‘ভ্যারিয়েবল অ্যাপারচার’ বা পরিবর্তনশীল অ্যাপারচার প্রযুক্তি। এই বিশেষ ফিচারটি ক্যামেরার লেন্সে প্রবেশ করা আলোর পরিমাণ সরাসরি নিয়ন্ত্রণ করতে পারবে। এর ফলে যেকোনো আলোতে, বিশেষ করে কম আলোতে চমৎকার ছবি এবং নজরকাড়া পোর্ট্রেট শট নেওয়া সম্ভব হবে।

২. ছোট ডাইনামিক আইল্যান্ড ও উন্নত ডিসপ্লে

অ্যাপল তাদের সিগনেচার ডিজাইন ‘ডাইনামিক আইল্যান্ড’-এর আকার এবার আরও ছোট করতে পারে। লিক অনুযায়ী, ফোনটিতে ৬.৯ ইঞ্চির এলটিপিও ডিসপ্লে থাকবে, তবে স্ক্রিনের নচ বা কাটআউট অংশটি আগের তুলনায় প্রায় ২৫ থেকে ৩৫ শতাংশ কম জায়গা দখল করবে। কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে, স্ক্রিনের নিচে ফেস আইডি সেন্সর ব্যবহার করার কারণেই ডাইনামিক আইল্যান্ড ছোট করা সম্ভব হচ্ছে।

৩. শক্তিশালী এ২০ প্রো চিপ এবং ১২ জিবি র‍্যাম

আইফোন ১৮ প্রো ম্যাক্স-এ অ্যাপলের পরবর্তী প্রজন্মের এ২০ প্রো (A20 Pro) প্রসেসর ব্যবহার করা হতে পারে। জানা গেছে, এটি টিএসএমসি-এর ২ ন্যানোমিটার প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি হবে, যা আগের চেয়ে ১৫ শতাংশ দ্রুত কার্যক্ষমতা এবং ৩০ শতাংশ পর্যন্ত বেশি ব্যাটারি সাশ্রয় করতে পারবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ফিচারগুলো আরও মসৃণভাবে পরিচালনার জন্য ফোনটিতে ১২ জিবি (GB) র‍্যাম বা মেমোরি থাকার জোরালো সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: স্মার্টফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের নজর এড়িয়ে যায়

৪. অ্যাপলের ইতিহাসে অন্যতম বড় ব্যাটারি

ব্যাটারির দিক থেকেও আইফোন ব্যবহারকারীরা বড় চমক পেতে যাচ্ছেন। রিপোর্ট অনুযায়ী, অ্যাপল এই স্মার্টফোনে ৫,১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার (mAh)-এর চেয়েও বড় ব্যাটারি দিতে পারে। যদি এই তথ্য সত্যি হয়, তবে এটি হবে অ্যাপলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপযুক্ত আইফোন। তবে এর চার্জিং গতি কেমন হবে, তা এখনো জানা যায়নি।

৫. নতুন রঙের নজরকাড়া ডিজাইন

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এবার টাইটানিয়াম ফ্রেমের পাশাপাশি ডার্ক চেরি (গাড় লাল), হালকা নীল এবং ডার্ক গ্রে (গাড় ধূসর) রঙের নতুন কিছু অপশন যুক্ত হতে পারে। তবে মনে রাখতে হবে, এই সমস্ত তথ্যই বর্তমানে বিভিন্ন লিক এবং রিপোর্টের ভিত্তিতে ছড়ানো। অ্যাপলের আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত আইফোন ১৮ প্রো ম্যাক্স-এর চূড়ান্ত স্পেসিফিকেশন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে না।

এজেড