images

তথ্য-প্রযুক্তি

প্রতিদিন স্মার্টফোন রিস্টার্ট করা কি সত্যিই জরুরি?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৭ জুন ২০২৬, ১০:০৭ এএম

স্মার্টফোন এখন আর শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সকালে অ্যালার্ম বেজে ওঠা থেকে শুরু করে রাতে সামাজিক যোগাযোগমাধ্যম স্ক্রল করতে করতে ঘুমিয়ে পড়া পর্যন্ত স্মার্টফোন সবসময় আমাদের সঙ্গেই থাকে। ব্যাংকিং, অনলাইন কেনাকাটা, বিনোদন, অফিসের ই-মেইল এবং ভিডিও কলসহ নানা গুরুত্বপূর্ণ কাজের জন্য আমরা এখন পুরোপুরি এর ওপর নির্ভরশীল।

তবে সারাক্ষণ ব্যবহারের ফলে ফোনের ওপরও এক ধরনের অদৃশ্য চাপ পড়ে। তাই অনেকের মনেই প্রশ্ন জাগে, স্মার্টফোন কি প্রতিদিন রিস্টার্ট করা প্রয়োজন? কেউ কেউ প্রতিদিন নিয়ম করে ফোন বন্ধ করে আবার চালু করেন, আবার অনেকের ফোন সপ্তাহের পর সপ্তাহ একটানা চালু থাকে। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, আধুনিক স্মার্টফোন প্রতিদিন রিস্টার্ট করার কোনো প্রয়োজন নেই। বর্তমানের অ্যানড্রয়েড এবং আইফোন অত্যন্ত উন্নত অপারেটিং সিস্টেমে চলে, যা ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ, র‌্যাম এবং বিভিন্ন প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করতে সক্ষম। তাই প্রতিদিন ফোন বন্ধ করে আবার চালু করলে বিশেষ কোনো অতিরিক্ত সুবিধা পাওয়া যায় না।

আরও পড়ুন: কম্পিউটার 'বাগ' কি আসলেই কোনো পোকা? জানুন ইতিহাসের এক মজার ঘটনা

তবে প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত একবার ফোন রিস্টার্ট করা বেশ উপকারী হতে পারে। ফোন ব্যবহার করার সময় অনেক অস্থায়ী ফাইল বা ক্যাশ ফাইল তৈরি হয়, যা সময়ের সঙ্গে সঙ্গে জমতে থাকে। ফোন রিস্টার্ট করলে এর কিছু অপ্রয়োজনীয় প্রক্রিয়া বন্ধ হয়ে যায় এবং সিস্টেম আরও মসৃণভাবে কাজ করতে পারে। অনেক সময় কিছু অ্যাপ বন্ধ করার পরেও ব্যাকগ্রাউন্ডে চালু থাকে এবং র্যাম ব্যবহার করতে থাকে। ফোন রিস্টার্ট করার মাধ্যমে র্যাম আবার খালি হয়, ফলে ফোনের গতি কিছুটা বাড়ার সম্ভাবনা থাকে।

This-Is-How-Often-You-Should-Restart-Your-Phone_GettyImages-1434301249-1

একই সঙ্গে রিস্টার্ট করার ফলে ফোনের ব্যাটারি ব্যাকআপ এবং ছোটখাটো সফটওয়্যার সমস্যার সমাধান হতে পারে। ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অপ্রয়োজনীয় অ্যাপের কারণে ব্যাটারির ব্যবহার বেড়ে যায়, যা রিস্টার্টের পর বন্ধ হয়ে যায়। এছাড়া ফোন হ্যাং করা, অ্যাপ ক্র্যাশ হওয়া বা কিছু ফিচার ঠিকমতো কাজ না করার মতো ছোটখাটো ত্রুটিগুলো সিস্টেম রিফ্রেশ হওয়ার কারণে অনেক ক্ষেত্রেই নিজে থেকেই ঠিক হয়ে যায়।

মাঝে মাঝে ফোন রিস্টার্ট করা উপকারী হলেও প্রতিদিন বা দিনে একাধিকবার এটি করার দরকার নেই। প্রতিবার ফোন চালু হওয়ার সময় প্রসেসর এবং ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়ে। এর প্রভাব খুব বেশি না হলেও অকারণে বারবার রিস্টার্ট করা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। তাই আপনার স্মার্টফোন যদি স্বাভাবিকভাবে কাজ করে, তবে প্রতিদিন নয়, বরং সপ্তাহে একবার বা অন্তত ১০ থেকে ১৫ দিন পরপর রিস্টার্ট করার অভ্যাসটিই ফোনের গতি এবং কর্মক্ষমতা বজায় রাখতে সাহায্য করবে।

এজেড