তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৭ মে ২০২৬, ০৩:০৭ পিএম
ডিজিটাল যুগে বাসাবাড়ি কিংবা অফিস, সবখানেই ওয়াইফাই ইন্টারনেট অন্যতম প্রধান অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে অনেক সময় চড়া দামে বেশি ব্যান্ডের ইন্টারনেট প্যাকেজ কিনেও কাঙ্ক্ষিত গতি পাওয়া যায় না। ব্রাউজিং কিংবা ডাউনলোডের সময় বাফারিংয়ের মুখে পড়ে তৈরি হয় চরম বিরক্তি। এই ধীরগতির একটি বড় কারণ হতে পারে আপনার অজান্তেই প্রতিবেশী বা কোনো অচেনা ব্যক্তি গোপনে আপনার ওয়াইফাই ব্যবহার করছেন। দুর্বল পাসওয়ার্ডের কারণে কিংবা অসাবধানতাবশত পাসওয়ার্ড ফাঁস হয়ে গেলে এমন চুরির ঘটনা অহরহ ঘটে। কিছু জরুরি সেটিংস পরিবর্তনের মাধ্যমে খুব সহজেই আপনার হোম নেটওয়ার্ক সুরক্ষিত রাখা সম্ভব।
সংযুক্ত ডিভাইসের তালিকা পরীক্ষা ও ব্লক করা
আপনার ইন্টারনেট মন্থর মনে হলে প্রথমেই রাউটারের অ্যাডমিন প্যানেলে লগ-ইন করে সংযুক্ত ডিভাইসের তালিকাটি পরীক্ষা করুন। রাউটার সেটিংসে "Connected Devices" বা "Attached Devices" নামে একটি অপশন পাবেন। এখানে আপনার ওয়াইফাইয়ের সাথে যুক্ত থাকা সমস্ত মোবাইল, ল্যাপটপ, স্মার্ট টিভি বা অন্যান্য ডিভাইসের নাম ও আইপি অ্যাড্রেস দেখতে পাবেন। এই তালিকায় নিজের পরিচিত ডিভাইস বাদে অন্য কোনো অচেনা ডিভাইস নজরে পড়লে সেটিকে তাৎক্ষণিকভাবে ব্লক বা রিমুভ করে দিন।
পাসওয়ার্ড পরিবর্তন ও শক্তিশালী সিকিউরিটি ব্যবহার
ওয়াইফাই সুরক্ষিত রাখার প্রধান শর্ত হলো একটি জটিল ও শক্তিশালী পাসওয়ার্ড। নিজের নাম, ফোন নম্বর কিংবা জন্মতারিখের মতো সহজ তথ্য পাসওয়ার্ডে ব্যবহার করা মোটেও নিরাপদ নয়। নতুন পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে ইংরেজি বড় ও ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্নের (@, #, $, !) মিশ্রণে অন্তত ১২ অক্ষরের একটি পাসওয়ার্ড সেট করুন। পাশাপাশি রাউটারের সিকিউরিটি প্রোটোকল চেক করুন। পুরোনো WEP সিকিউরিটি হ্যাক করা অনেক সহজ, তাই রাউটার সেটিংসে গিয়ে নিরাপত্তা স্তরটি বদলে WPA2 বা আধুনিক WPA3 নির্বাচন করুন।

ওয়াইফাইয়ের নাম লুকিয়ে রাখা ও ম্যাক ফিল্টারিং
ডিফল্ট সেটিংসে প্রতিটি রাউটার তার নেটওয়ার্কের নাম বা এসএসআইডি (SSID) সংলগ্ন এলাকার সবার কাছে দৃশ্যমান রাখে। আপনি চাইলে রাউটারের সেটিংসে গিয়ে "Hide SSID" বা "Disable SSID Broadcast" অপশনটি চালু করে দিতে পারেন। এতে অন্য কেউ সার্চ করলে আপনার ওয়াই-ফাইয়ের নাম দেখতে পাবে না। এ ছাড়া নিরাপত্তার আরেকটি দুর্দান্ত স্তর হলো 'MAC Address Filtering'। প্রতিটি ডিভাইসের একটি সুনির্দিষ্ট ম্যাক অ্যাড্রেস থাকে। রাউটারে শুধু আপনার পরিবারের ডিভাইসগুলোর ম্যাক অ্যাড্রেস যুক্ত করে এই ফিল্টারিং চালু করলে, পাসওয়ার্ড জানা থাকলেও বাইরের কোনো ডিভাইস আপনার ইন্টারনেটে যুক্ত হতে পারবে না।
আরও পড়ুন: সারারাত ওয়াইফাই রাউটার চালালে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?
অতিথিদের জন্য 'গেস্ট নেটওয়ার্ক' তৈরি
বাসায় আত্মীয়-স্বজন কিংবা বন্ধুরা এলে অনেক সময় সৌজন্যতাবশত ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড শেয়ার করতে হয়। তবে মূল পাসওয়ার্ড এভাবে বারবার হাতবদল হওয়া নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এই সমস্যা এড়াতে রাউটার সেটিংসে গিয়ে একটি আলাদা "Guest Network" বা অতিথি নেটওয়ার্ক তৈরি করে রাখতে পারেন। এতে মূল নেটওয়ার্ক ও সেটির পাসওয়ার্ড সম্পূর্ণ গোপন ও নিরাপদ থাকবে। অতিথিরা চলে যাওয়ার পর মূল কানেকশনে কোনো প্রভাব না ফেলেই গেস্ট নেটওয়ার্কের পাসওয়ার্ডটি সহজে বদলে ফেলা বা বন্ধ করে দেওয়া যায়।
এজেড