তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৬ মে ২০২৬, ০৯:২৮ এএম
গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্যের মধ্যে ফ্রিজ অন্যতম। তবে বাজারে কিনতে গেলে বা ব্যবহারের ক্ষেত্রে অনেকেই দুটি শব্দ প্রায়ই শুনে থাকেন—'রেফ্রিজারেটর' (সাধারণ ফ্রিজ) এবং 'ফ্রিজার' (ডিপ ফ্রিজ)। আপাতদৃষ্টিতে দুটিকে একই মনে হলেও এদের কাজ, তাপমাত্রা এবং ব্যবহারের মধ্যে বেশ কিছু মৌলিক তফাত রয়েছে। সঠিক পার্থক্য না জানার কারণে অনেক সময় প্রয়োজন অনুযায়ী সঠিক পণ্যটি বেছে নিতে ভুল হয়।
আপনার ঘরের জন্য কোনটি বেশি উপযোগী, তা সহজে বুঝতে দুইয়ের মধ্যকার মূল পার্থক্যগুলো নিচে তুলে ধরা হলো-
১. তাপমাত্রা এবং কাজ করার ক্ষমতা
ফ্রিজ এবং ফ্রিজারের সবচেয়ে বড় পার্থক্য হলো এদের তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতায়।
ফ্রিজ (Refrigerator): সাধারণ ফ্রিজের তাপমাত্রা সাধারণত ১ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এর কাজ হলো খাবারকে ঠান্ডা রাখা যাতে ব্যাকটেরিয়া সহজে ছড়াতে না পারে এবং খাবার কয়েকদিন পর্যন্ত তাজা থাকে। এখানে খাবার জমে বরফ হয় না।
ফ্রিজার (Freezer): ফ্রিজার বা ডিপ ফ্রিজের তাপমাত্রা থাকে অনেক নিচে, সাধারণত ১৮ ডিগ্রি সেলসিয়াস বা তারও কম। এই তীব্র ঠান্ডায় খাবারের ভেতরের পানি পুরোপুরি বরফ হয়ে যায়, যার ফলে ব্যাকটেরিয়া বা কোনো অণুজীব একদমই জন্মাতে পারে না।

২. খাবার সংরক্ষণের স্থায়িত্বকাল
তাপমাত্রার ভিন্নতার কারণে এই দুটি যন্ত্রে খাবার সংরক্ষণের সময়সীমাও আলাদা হয়।
ফ্রিজ: এতে রান্না করা খাবার, মিষ্টি, ফলমূল, শাকসবজি, দুধ বা ডিমের মতো দৈনন্দিন খাবার রাখা হয়। এখানে খাবার সাধারণত ৩ থেকে ৭ দিন পর্যন্ত ভালো থাকে।
ফ্রিজার: কাঁচা মাছ, মাংস বা দীর্ঘদিনের জন্য ফ্রোজেন ফুড (যেমন পরোটা, নাগেটস) সংরক্ষণের জন্য ফ্রিজার ব্যবহার করা হয়। ফ্রিজারে রাখা খাবার কয়েক মাস থেকে শুরু করে এক বছর পর্যন্ত অক্ষত ও খাওয়ার উপযোগী থাকে।
৩. ডিজাইন ও গঠনের পার্থক্য
বাজারে সাধারণত দুই ধরনের গঠনে এই প্রযুক্তিগুলো দেখা যায়-
টু-ইন-ওয়ান রেফ্রিজারেটর: আমাদের বাসায় সাধারণত যে ফ্রিজগুলো দেখা যায়, সেগুলোতে একই সাথে ফ্রিজ এবং ফ্রিজার দুটো অংশই থাকে। ওপরের বা নিচের ছোট অংশটি ডিপ (Freezer) এবং বড় অংশটি নরমাল (Fridge) হিসেবে কাজ করে।
ডেডিকেটেড ফ্রিজার (ডিপ ফ্রিজ): এটি দেখতে চারকোনা বাক্সের মতো বা লম্বালম্বি আলমারির মতো হতে পারে। এর পুরো অংশটিই শুধু ডিপ বা ফ্রিজার হিসেবে কাজ করে, এতে কোনো নরমাল বা সাধারণ ফ্রিজের অংশ থাকে না।

৪. বিদ্যুৎ খরচ ও রক্ষণাবেক্ষণ
ফ্রিজ: যেহেতু সাধারণ ফ্রিজের দরজা দিনে বহুবার খোলা ও বন্ধ করা হয়, তাই ভেতরের তাপমাত্রা ধরে রাখতে একে বারবার কাজ করতে হয়।
আরও পড়ুন: ডিপ ফ্রিজে কি বিদ্যুৎ বিল বেশি আসে?
ফ্রিজার: ফ্রিজারের দরজা সাধারণত ঘন ঘন খোলা হয় না। একবার ভেতরের খাবার জমে বরফ হয়ে গেলে এটি দীর্ঘ সময় ঠান্ডা ধরে রাখতে পারে। তবে ফ্রিজারে নিয়মিত বরফ জমে যাওয়ার কারণে মাঝেমধ্যে তা পরিষ্কার করার (Defrosting) প্রয়োজন পড়ে, যা আধুনিক নো-ফ্রস্ট ফ্রিজে স্বয়ংক্রিয়ভাবেই হয়।
আপনার জন্য কোনটি প্রয়োজন?
যদি আপনার উদ্দেশ্য হয় প্রতিদিনের রান্না করা খাবার, ফলমূল ও সবজি তাজা রাখা, তবে একটি সাধারণ রেফ্রিজারেটরই আপনার জন্য যথেষ্ট। আর যদি কোরবানি ঈদ বা বিশেষ প্রয়োজনে বিপুল পরিমাণ কাঁচা মাছ-মাংস ও ফ্রোজেন ফুড দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে চান, তবে আপনার ঘরে একটি আলাদা ফ্রিজার বা ডিপ ফ্রিজ থাকা জরুরি।
এজেড