তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৫ মে ২০২৬, ১২:০০ পিএম
স্মার্টফোনের বাজারে নতুন চমক নিয়ে এসেছে ওপো ফাইন্ড এন৬। দুর্দান্ত ডিজাইন, শক্তিশালী প্রসেসর এবং প্রিমিয়াম ক্যামেরার কারণে এই ফোল্ডেবল স্মার্টফোনটি ইতিমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ওপো তাদের নতুন এই ফোল্ডেবল ডিভাইসে গ্রাহকদের জন্য প্রিমিয়াম সব অভিজ্ঞতা যুক্ত করেছে, যা ফোল্ডেবল ফোনের দুনিয়ায় বেশ প্রতিযোগিতামূলক হবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
এই প্রিমিয়াম স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ৮.১২ ইঞ্চির এলটিপিও ওএলইডি মূল ডিসপ্লে এবং বাইরের দিকে রয়েছে ৬.৬২ ইঞ্চির কভার স্ক্রিন। দুটি ডিসপ্লেই ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে, যার ফলে ফোনটি ব্যবহারে দারুণ স্মুথ অভিজ্ঞতা মিলবে। ওপো কর্তৃপক্ষের দাবি, এই ফোনে বিশেষ ‘জিরো-ফিল ক্রিস’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই অত্যাধুনিক প্রযুক্তির কারণে স্মার্টফোনটি ফোল্ড করার পর স্ক্রিনের মাঝখানের ভাঁজের দাগ বা ক্রিস অন্য ফোনের তুলনায় অনেকটাই কম দেখা যাবে।

গতির দুনিয়ায় সেরা পারফরম্যান্স নিশ্চিত করতে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের অত্যন্ত শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট জেনারেশন ৫ প্রসেসর। মাল্টিটাস্কিং ও গেমিংয়ের সুবিধার্থে এতে রয়েছে সর্বোচ্চ ১৬ জিবি র্যাম এবং ১ টেরাবাইট বা ১টিবি পর্যন্ত বিশাল ইন্টারনাল স্টোরেজ।
ফটোগ্রাফিপ্রেমীদের জন্য এই স্মার্টফোনের ক্যামেরা সেটআপটি বিশেষভাবে আকর্ষণীয়। এতে হ্যাসেলব্লাড টিউনড ২০০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সাথে রয়েছে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। এছাড়া ভিডিও কলিং এবং সেলফি তোলার জন্য ভেতরের ও বাইরের স্ক্রিনে দুটি ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যুক্ত করা হয়েছে। দীর্ঘ সময় ব্যাকআপ দেওয়ার জন্য ফোনটিতে রয়েছে ৬০০০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন বিশাল ব্যাটারি, যা দ্রুত চার্জ করার জন্য ৮০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়ারলেস চার্জিং প্রযুক্তি সমর্থন করে।
আরও পড়ুন: ২০ হাজার টাকা দামে এই ১০টি ফোন কিনতে পারবেন
ভারতের বাজারে এই প্রিমিয়াম ফোল্ডেবল ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এর মধ্যে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের আনুমানিক দাম ১ লাখ ৩৩ হাজার রুপি। আর উচ্চ ক্ষমতার ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে প্রায় ১ লক্ষ ৪৬ হাজার রুপি।
এজেড