images

তথ্য-প্রযুক্তি

ফ্রি পাবলিক ওয়াইফাই ব্যবহারে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হওয়ার ঝুঁকি

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৫ মে ২০২৬, ০৯:৪৭ এএম

মোবাইল ডেটা বাঁচানোর জন্য রেলস্টেশন, বিমানবন্দর, শপিং মল বা ক্যাফেটেরিয়ার মতো পাবলিক প্লেসে ফ্রি ওয়াইফাই পেলেই অনেকে দ্রুত কানেক্ট করে নেন। আপাতদৃষ্টিতে এই ফ্রি ইন্টারনেট সুবিধাজনক মনে হলেও এটি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যক্তিগত তথ্যের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।

সম্প্রতি সাইবার বিশেষজ্ঞরা এই বিষয়ে একটি বড় সতর্কতা জারি করেছেন। তারা জানিয়েছেন, সামান্য অসতর্কতার সুযোগ নিয়ে সাইবার অপরাধীরা পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে মানুষের ব্যাংকিং ডিটেলস, ওটিপি, পাসওয়ার্ড এবং ব্যক্তিগত ছবি চুরি করছে।

পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত থাকা অবস্থায় সাইবার অপরাধীরা ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রমের ওপর সহজে নজরদারি চালাতে পারে। তাই বিশেষজ্ঞরা যেকোনো পাবলিক নেটওয়ার্কে থাকা অবস্থায় ইন্টারনেট ব্যাংকিং, ইউপিআই পেমেন্ট কিংবা অনলাইন শপিংয়ের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। খুব বেশি প্রয়োজন হলে ফ্রি ওয়াইফাইয়ের বদলে নিজের মোবাইল ডেটা ব্যবহার করাটাই সবচেয়ে নিরাপদ।

d-19-2-1200x675

অনিবার্য কারণে যদি পাবলিক ওয়াইফাই ব্যবহার করতেই হয়, তবে সুরক্ষার জন্য ফোনে ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করা উচিত। ভিপিএন ইন্টারনেট কার্যক্রমকে এনক্রিপ্ট করে দেয়, যার ফলে হ্যাকাররা সহজে তথ্য দেখতে পারে না। এর পাশাপাশি ব্রাউজারে কোনো ওয়েবসাইট খোলার আগে সেটি ‘HTTPS’ যুক্ত কি না তা নিশ্চিত করা জরুরি। ব্রাউজারে ‘Not Secure’ লেখা দেখলে সেখানে যেকোনো ধরনের ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে।

স্মার্টফোনের কিছু সাধারণ সেটিংস পরিবর্তন করেও এই ঝুঁকি অনেকটা কমানো সম্ভব। অনেক ফোনে স্বয়ংক্রিয়ভাবে আশপাশের ওয়াইফাইয়ে যুক্ত হওয়ার ফিচার থাকে, যা হ্যাকারদের তৈরি ভুয়া নেটওয়ার্কের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়িয়ে দেয়। এজন্য ফোনের সেটিংসে গিয়ে ‘অটো কানেক্ট’ এবং ‘ফাইল শেয়ারিং’ অপশন দুটি বন্ধ রাখা উচিত। এর ফলে কোনো অচেনা ব্যক্তি সহজে ফোনের ফাইল বা ডেটায় প্রবেশ করতে পারবে না।

আরও পড়ুন: সাইবার নিরাপত্তায় স্বয়ংক্রিয় প্রযুক্তির গুরুত্ব দিল সিকিউরিটি ভিশন

সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহারকারীদের আরও কিছু বিষয়ে সচেতন হতে হবে। সবসময় ফোনে শক্তিশালী পাসওয়ার্ড ও টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখা এবং অ্যাপগুলো আপডেট রাখা জরুরি। একই সাথে পাবলিক ওয়াইফাই ব্যবহার শেষে নেটওয়ার্কটি ফোন থেকে ‘ফরগেট’ করে দিতে হবে এবং ইন্টারনেট ব্যবহারের সময় যেকোনো সন্দেহজনক লিঙ্ক বা পপ-আপে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। একটু সচেতনতাই আপনাকে বড় ধরনের সাইবার জালিয়াতির হাত থেকে সুরক্ষিত রাখতে পারে।

এজেড