images

তথ্য-প্রযুক্তি

ফোন চার্জ শেষে চার্জার সকেটেই রেখে দেন? জেনে নিন বিদ্যুৎ বিল কত বাড়ছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৭ মে ২০২৬, ১০:৪৩ এএম

প্রতিদিনের জীবনে স্মার্টফোন এখন অবিচ্ছেদ্য অংশ। ফোন সচল রাখতে চার্জ দেওয়ার প্রয়োজন পড়লেও চার্জ শেষে অনেক সময় আমরা আলসেমি করে চার্জারটি সকেটে লাগানো অবস্থায় রেখে দিই। এমনকি অনেকের ক্ষেত্রে সুইচটিও অন থাকে। আপাতদৃষ্টিতে এতে কোনো ক্ষতি মনে না হলেও অলক্ষ্যে এটি কিছুটা বিদ্যুৎ খরচ করে এবং একই সঙ্গে তৈরি করে নিরাপত্তার ঝুঁকি।

does-a-phone-charger-use-electricity-when-not-charging-1689615410

ফোন সংযুক্ত না থাকলেও চার্জার সকেটে লাগানো থাকলে যে বিদ্যুৎ খরচ হয় তাকে প্রযুক্তিবিদরা ‘ভ্যাম্পায়ার পাওয়ার’ বা ‘স্ট্যান্ডবাই পাওয়ার’ বলেন। সহজ ভাষায় চার্জার সকেটে থাকা মানেই এর ভেতরের সার্কিটটি সক্রিয় থাকে। আপনার ফোন চার্জ না হলেও চার্জারটি খুব সামান্য পরিমাণে বিদ্যুৎ টানতে থাকে। পুরনো বা নিম্নমানের চার্জারের ক্ষেত্রে এই বিদ্যুৎ খরচের পরিমাণ ব্র্যান্ডেড চার্জারের তুলনায় কিছুটা বেশি হয়ে থাকে।

আরও পড়ুন: বিদ্যুৎ খরচ ছাড়াই এসি চলবে সোলার প্যানেলে, জেনে নিন সাশ্রয়ী উপায়

usbchubs-2048px-7937-2x1-1

বিদ্যুৎ বিলের হিসাব করলে দেখা যায় একটি মানসম্মত চার্জার স্ট্যান্ডবাই মোডে প্রতি ঘণ্টায় মাত্র শূন্য দশমিক ১ থেকে শূন্য দশমিক ৫ ওয়াট বিদ্যুৎ খরচ করে। একটি চার্জার যদি পুরো মাসজুড়ে এভাবে সকেটে পড়ে থাকে তবে তার জন্য বিদ্যুৎ বিল বড়জোর এক টাকার মতো বাড়তে পারে। অর্থাৎ একটি মাত্র চার্জার আপনার মাসিক বিলে খুব বড় কোনো প্রভাব ফেলবে না। তবে বাড়িতে যদি একাধিক চার্জারসহ টিভি, ওভেন বা সেট টপ বক্স সবসময় স্ট্যান্ডবাই মোডে থাকে তবে বছর শেষে সেই সম্মিলিত বিলের অঙ্কটা নেহায়েত ছোট হয় না।

cahrger

বিলের চেয়েও বড় চিন্তার বিষয় হলো নিরাপত্তা। নিম্নমানের চার্জার দীর্ঘ সময় সকেটে লাগানো থাকলে তা অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। এর ফলে যেকোনো সময় শর্ট সার্কিট বা অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে গরমের দিনে প্লাগ পয়েন্টে দীর্ঘক্ষণ চার্জার গেঁথে রাখা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। তাই বিদ্যুৎ সাশ্রয় এবং জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে ফোন চার্জ হয়ে গেলে চার্জারটি সকেট থেকে খুলে রাখাই হবে সবচেয়ে ভালো অভ্যাস। ছোট এই সচেতনতা আপনার ডিভাইসের আয়ু বাড়াতেও সাহায্য করবে।

এজেড