তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৬ মে ২০২৬, ১০:১৬ এএম
এই ডিজিটাল যুগে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের অনেকেরই একটা দিনও ইন্টারনেট ছাড়া কাটে না। মোবাইলে সোশ্যাল মিডিয়া দেখা হোক, ল্যাপটপে অফিসের কাজ করা হোক বা স্মার্ট টিভিতে সিনেমা দেখা, সবকিছুর সঙ্গেই জড়িয়ে রয়েছে ইন্টারনেট। আর এই সমস্ত ডিভাইসকে একসঙ্গে যুক্ত করে রাখে যে অদৃশ্য মাধ্যম, সেটি হলো ওয়াইফাই। কিন্তু এই ওয়াইফাই সংযোগ সচল রাখতে যে যন্ত্রটি আমরা ঘরে ঘরে ব্যবহার করি, সেই ‘রাউটারে’র বাংলা নাম কী তা আমাদের অনেকেরই জানা নেই। প্রতিদিনের ব্যবহারের তালিকায় থাকা এই ডিভাইসটির একটি সুন্দর বাংলা প্রতিশব্দ রয়েছে, যা সাধারণ মানুষের কাছে বেশ অজানা।
রাউটারের বাংলা অর্থ
রাউটার (Router) মূলত ইংরেজি শব্দ হলেও এর বাংলা প্রতিশব্দ হিসেবে প্রযুক্তিবিদরা ‘পথনির্দেশক’ বা ‘চলক’ শব্দটি ব্যবহার করে থাকেন। রাউটারের মূল কাজ যেহেতু তারের মাধ্যমে আসা ইন্টারনেট সিগন্যাল বা ডেটা প্যাকেটকে গ্রহণ করে সঠিক পথে বেতার তরঙ্গের মাধ্যমে আমাদের ডিভাইসগুলোতে পৌঁছে দেওয়া, তাই একে বাংলায় পথনির্দেশক বলা অত্যন্ত যুক্তিযুক্ত। প্রতিদিন আমরা এই প্রযুক্তি ব্যবহার করলেও এর বাংলা নাম কিংবা এর কাজের অভ্যন্তরীণ প্রক্রিয়া নিয়ে আমাদের দেশের ৯৯ শতাংশ মানুষেরই উত্তর দিতে হিমশিম খাওয়ার দশা হয়।

এই রাউটার মূলত রেডিও তরঙ্গের মাধ্যমে কাজ করে। এর পুরো প্রক্রিয়াটি সাধারণভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে, আপনার বাড়ির রাউটারটি প্রথমে তারের মাধ্যমে ইন্টারনেট সিগন্যাল গ্রহণ করে। এরপর এই ডিভাইসটি বা পথনির্দেশকটি সেই তথ্যকে রেডিও সিগন্যালের রূপে পরিবর্তন করে বাতাসে ছড়িয়ে দেয়। আপনার মোবাইল বা ল্যাপটপে থাকা ওয়াইফাই চিপ সেই সিগন্যাল গ্রহণ করে আবার সেটিকে ডেটায় রূপান্তরিত করে, যার ফলে আপনি অনায়াসে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। একটি মাত্র রাউটার বা পথনির্দেশক কানেকশনের সঙ্গেই এখন মোবাইল, টিভি, ল্যাপটপ এবং সিসিটিভি ক্যামেরার মতো একাধিক ডিভাইস যুক্ত করা সম্ভব হচ্ছে।
আরও পড়ুন: ‘পাসওয়ার্ডে’র বাংলা অর্থ জানেন?
ভবিষ্যতে স্মার্ট হোম এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নির্ভর ডিভাইসের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এই রাউটারের গুরুত্ব আরও বাড়বে। বর্তমানে প্রযুক্তি দুনিয়ায় ওয়াই-ফাই ৬ এবং ওয়াই-ফাই ৭-এর মতো আধুনিক ও দ্রুতগতির ইন্টারনেট প্রযুক্তি চলে এসেছে, যা রাউটারের কার্যক্ষমতাকে আরও বাড়িয়ে দিয়েছে। আজকের সময়ে দাঁড়িয়ে রাউটার আর শুধু একটি সাধারণ যন্ত্র বা সুবিধা নয়, এটি আমাদের ডিজিটাল জীবনের একটি অপরিহার্য প্রয়োজনীয়তায় পরিণত হয়েছে।
এজেড