তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৪ মে ২০২৬, ০১:১৬ পিএম
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন যুগে প্রবেশ করতে নিজস্ব ল্যাপটপ লাইনআপের ঘোষণা দিল গুগল। ‘অ্যানড্রয়েড শো ২০২৬’ ইভেন্টে ‘গুগলবুক’ নামের এই নতুন সিরিজের ল্যাপটপ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। সম্পূর্ণ এআই-নেটিভ ফিচারের ওপর ভিত্তি করে তৈরি এই ল্যাপটপগুলো প্রযুক্তি বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
গুগল জানিয়েছে, গুগলবুক ল্যাপটপগুলো অ্যানড্রয়েড টেকনোলজি স্ট্যাকের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে ক্রোম ব্রাউজার এবং অ্যানড্রয়েড অ্যাপ ব্যবহারের সুবিধা থাকবে। পাশাপাশি এই প্ল্যাটফর্মের সবচেয়ে বড় সুবিধা হলো, স্মার্টফোন পরিবর্তন না করেই সরাসরি কানেক্টেড অ্যানড্রয়েড ফোন থেকে ফাইল এবং অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে।
মূল আকর্ষণ ‘ম্যাজিক পয়েন্টার’ ও এআই উইজেট
গুগলবুকের প্রতিটি স্তরে গুগলের এআই সিস্টেম জেমিনি যুক্ত করা হয়েছে। এতে ম্যাজিক পয়েন্টার নামের একটি বিশেষ ফিচার রয়েছে, যা কার্সারর মুভমেন্টের ওপর ভিত্তি করে ব্যবহারকারীকে তাৎক্ষণিক বিভিন্ন পরামর্শ দেবে।

অ্যানড্রয়েড শোতে ডেমো চলাকালীন দেখা যায়, এই ল্যাপটপের মাধ্যমে ইমেইল থেকে সরাসরি মিটিং শিডিউল করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আসবাবপত্রের ছবি মিলিয়ে ঘরের নকশা তৈরি করা সম্ভব। এছাড়া এতে থাকছে এআই-জেনারেটেড উইজেট সুবিধা, যা ট্রাভেল আইটিনারি সাজানো, হোটেল বা রেস্তোরাঁ বুকিং এবং ইভেন্টের কাউন্টডাউন স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করতে পারবে।
আরও পড়ুন: স্বাস্থ্য সুরক্ষায় গুগলের নতুন ফিটনেস ট্রেকার
নতুন এই ল্যাপটপের আকর্ষণীয় দিক হলো এর স্লিম ডিজাইন এবং গ্লোয়িং মাল্টিকালার লাইট বার, যা ল্যাপটপটিকে ভিন্নধর্মী লুক দিয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা এলেও এর হার্ডওয়্যার স্পেসিফিকেশন, প্রসেসর পার্টনার বা দাম সম্পর্কে এখনো কোনো তথ্য দেয়নি গুগল। এছাড়া বিদ্যমান ক্রোমবুক সিরিজকে গুগলবুক প্রতিস্থাপন করবে কি না, তাও এখনো পরিষ্কার নয়।
গুগল জানিয়েছে, ডেল, এইচপি, লেনোভো, আসুস এবং এসারের মতো বিশ্বের শীর্ষস্থানীয় পিসি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এই প্রথম প্রজন্মের ডিভাইসগুলো বাজারে আনা হবে।
এজেড