images

তথ্য-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ কলে আইপি অ্যাড্রেস ফাঁস হওয়ার ঝুঁকি, সুরক্ষিত থাকার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১০ মে ২০২৬, ০৯:৩৩ এএম

সাধারণ ফোন কলের চেয়ে হোয়াটসঅ্যাপ কলের জনপ্রিয়তা অনেক বেশি। ব্যক্তিগত আলাপচারিতা থেকে শুরু করে অফিসের গুরুত্বপূর্ণ মিটিং, সবখানেই আমরা মেটার এই মেসেজিং অ্যাপটি ব্যবহার করি। তবে সাম্প্রতিক এক তথ্যে জানা গেছে, হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে আপনার আইপি অ্যাড্রেস ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। আর এই আইপি অ্যাড্রেস ব্যবহার করে সাইবার অপরাধীরা সহজেই আপনার অবস্থান বা নেটওয়ার্কের তথ্য জেনে নিতে পারে।

গ্রাহকদের এই গোপনীয়তা বজায় রাখতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে আইপি প্রোটেকশন ফিচার। কোনো বাড়তি ঝামেলা ছাড়াই অ্যাপের সেটিংস থেকে এটি চালু করা সম্ভব। ফলে অপরিচিত কেউ কল করলে আপনার আইপি অ্যাড্রেস আর খুঁজে পাবে না।

আইপি অ্যাড্রেস আড়াল করার পদ্ধতি

নিচের সহজ ধাপগুলো অনুসরণ করে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারেন:

১. প্রথমে আপনার ফোনের হোয়াটসঅ্যাপ Settings-এ যান।

২. অ্যানড্রয়েড ব্যবহারকারীরা উপরের তিনটি ডট এবং আইফোন ব্যবহারকারীরা গিয়ার আইকনে ক্লিক করুন।

৩. সেটিংস থেকে Privacy অপশনটি বেছে নিন।

৪. স্ক্রল করে নিচের দিকে যান এবং Advanced অপশনে ক্লিক করুন।

৫. সেখানে থাকা Protect IP address in calls অপশনটি চালু বা এনাবল করে দিন।

গোপনীয়তা নিয়ে বিতর্ক

এদিকে গ্রাহকের সুরক্ষা নিশ্চিতের দাবি করা হলেও হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত মেসেজ পড়া নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। মার্কিন সরকারের একটি তদন্তের বরাতে জানা গেছে, এনক্রিপশন থাকা সত্ত্বেও গ্রাহকদের মেসেজ বা কথোপকথন হোয়াটসঅ্যাপের নখদর্পণে রয়েছে। যদিও মেটা কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এন্ড-টু-এন্ড এনক্রিপশনের কারণে কারও মেসেজ পড়া তাদের পক্ষে অসম্ভব। তবে তদন্তটি মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় ব্যবহারকারীদের মনে সন্দেহ থেকেই যাচ্ছে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের জনপ্রিয় এই ফিচার চিরতরে বন্ধ হচ্ছে

নিরাপদ থাকতে বিশেষজ্ঞদের পরামর্শ হলো, ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা রক্ষার জন্য অ্যাপের অভ্যন্তরীণ সিকিউরিটি ফিচারগুলো সবসময় আপডেট এবং সচল রাখা।

এজেড