জ্যেষ্ঠ প্রতিবেদক
০৪ মে ২০২৬, ১০:৩০ পিএম
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের দক্ষতা বাড়াতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-তে চলমান সাত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘এআই-নির্ভর সাংবাদিকতা: সুযোগ, ঝুঁকি ও ডিজিটাল নিরাপত্তা’ শীর্ষক এই আয়োজনের তৃতীয় দিনের সেশন অনুষ্ঠিত হয়। এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ ও গেমপ্লিফাই-এর সহযোগিতায় গত শনিবার শুরু হওয়া এই কর্মশালা চলবে আগামী ৮ মে পর্যন্ত।
তৃতীয় দিনের প্রশিক্ষণে সাংবাদিকদের জন্য বিশেষভাবে আলোচনায় আসে গুগল ট্রেন্ডস-এর মতো শক্তিশালী ডিজিটাল টুল। প্রশিক্ষকরা জানান, ট্রেন্ডিং সার্চ বিশ্লেষণের মাধ্যমে সহজেই কনটেন্ট আইডিয়া পাওয়া যায় এবং দর্শক কী খুঁজছে সে সম্পর্কে পরিষ্কার ধারণা মেলে। এই প্ল্যাটফর্ম কনটেন্ট নির্মাতা ও ব্যবহারকারীদের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করতে সহায়তা করে।
আয়োজক গেমপ্লিফাই জানায়, এই প্রশিক্ষণে এআই-এর মৌলিক ধারণা থেকে শুরু করে বাস্তব প্রয়োগ পর্যন্ত হাতে-কলমে শেখানো হচ্ছে। অংশগ্রহণকারীরা এআই টুল ব্যবহার করে দ্রুত ও নির্ভুলভাবে তথ্য সংগ্রহ, প্রতিবেদন লেখা, সম্পাদনা এবং আকর্ষণীয় শিরোনাম তৈরির কৌশল আয়ত্ত করছেন। এ ছাড়া ভুয়া তথ্য, অপতথ্য ও ডিপফেইক শনাক্তকরণ এবং ফ্যাক্ট-চেকিং টুল ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এআই ব্যবহারের নৈতিকতা ও ঝুঁকি ব্যবস্থাপনাও প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ অংশ।
ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, বর্তমান সাংবাদিকতায় এআই শুধু একটি প্রযুক্তি নয়, বরং কাজের গতি, নির্ভুলতা ও বিশ্লেষণ সক্ষমতা বাড়ানোর শক্তিশালী মাধ্যম। তাই পরিবর্তিত বাস্তবতায় কার্যকরভাবে কাজ করতে সাংবাদিকদের এ বিষয়ে দক্ষতা অর্জন জরুরি।
এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান বলেন, এআই সাংবাদিকতার কর্মপ্রক্রিয়াকে দ্রুত ও কার্যকর করে তুলছে। এই প্রযুক্তিতে দক্ষতা না থাকলে ভবিষ্যতে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে।
সোমবারের প্রথম সেশনে ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া আরিফুল ইসলাম আরমান জেমিনি, চ্যাটজিপিটি ও গুগল এআই স্টুডিওসহ বিভিন্ন টুলের ব্যবহার তুলে ধরেন। দ্বিতীয় সেশনে ডেটা সাংবাদিকতা ও তথ্য বিশ্লেষণ নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর সহকারী অধ্যাপক মালিহা তাবাসসুম।
দিনের শেষ সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এমডি সাইফুল আলম চৌধুরী। তিনি ডিজিটাল রিপোর্টিং, সোশ্যাল মিডিয়া স্টোরিটেলিং এবং গুগল ট্রেন্ডস ব্যবহারের মাধ্যমে অপতথ্য মোকাবিলার কৌশল ব্যাখ্যা করেন।

ডিআরইউর তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল বলেন, সদস্যরা ব্যাপক আগ্রহ নিয়ে এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। তিন দিনে প্রায় ২০০ সদস্য এতে অংশ নিয়েছেন এবং সক্রিয়ভাবে নতুন বিষয়গুলো শেখার চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, কনটেন্ট কীভাবে বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, সে বিষয়েও প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে। এআই সম্পর্কে ধারণা না থাকলে সাংবাদিকরা ভবিষ্যতে পিছিয়ে পড়ার ঝুঁকিতে থাকবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাংগঠনিক সম্পাদক এমএম জসিম, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়াসহ অন্যান্য নেতারা। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই প্রশিক্ষণ চলছে। সাত দিনে মোট সাতটি ব্যাচে ডিআরইউর সদস্যরা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
টিএই/এআর