তথ্যপ্রযুক্তি ডেস্ক
০২ মে ২০২৬, ১১:১৬ এএম
তীব্র দাবদাহ আর ভ্যাপসা গরমে এক চিলতে স্বস্তি পেতে এসির কোনো বিকল্প নেই। এক সময় বিলাসিতা মনে করা হলেও, বর্তমানে এসি আমাদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর তালিকায় জায়গা করে নিয়েছে। তবে বছরের পর বছর এসি ব্যবহার করলেও আমরা অনেকেই জানি না যে, মানবদেহের মতোই এসির শরীরেও একটি ‘হার্ট’ বা হৃদযন্ত্র রয়েছে। আর এই বিশেষ অংশটি বিকল হওয়া মানেই আপনার শখের এসিটির মৃত্যুঘণ্টা বেজে যাওয়া।
এসির হার্ট কোনটি?
বিখ্যাত ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী সংস্থা টিসিএল (TCL)-এর তথ্যমতে, এসির হৃদযন্ত্র হলো এর কম্প্রেসার। শুধু এসি নয়, ফ্রিজ বা এই জাতীয় শীতলীকরণ যন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এই কম্প্রেসার। এটি মূলত এসির আউটডোর ইউনিটে অবস্থান করে এবং পুরো যন্ত্রের প্রাণশক্তি হিসেবে কাজ করে।

কেন একে হৃদযন্ত্র বলা হয়?
মানবদেহে হৃদযন্ত্র যেমন রক্ত সঞ্চালনের মাধ্যমে শরীরকে সচল রাখে, কম্প্রেসার তেমনি এসির ভেতরে হিমায়ক গ্যাস বা রেফ্রিজারেন্টকে সংকুচিত ও সঞ্চালিত করে। এই প্রক্রিয়ার মাধ্যমেই এসি বাতাস থেকে তাপ শুষে নিয়ে ঘরকে ঠান্ডা করতে পারে। কম্প্রেসার ছাড়া এসির পক্ষে ঘর ঠান্ডা করা কোনোভাবেই সম্ভব নয়। স্প্লিট এসির ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ অংশটি থাকে ঘরের বাইরের ইউনিটে।
কম্প্রেসার বিকল হলে কী ঘটে?
যদি কোনো কারণে এসির কম্প্রেসার কাজ করা বন্ধ করে দেয়, তবে এসি থেকে আর ঠান্ডা বাতাস বের হবে না। অনেক ক্ষেত্রে এসি চালু থাকলেও তা সাধারণ ফ্যানের মতো কাজ করবে। শুধু তাই নয়, বিকল কম্প্রেসার নিয়ে এসি চালালে এর ফ্যান, কয়েল এবং মোটরের ওপর অতিরিক্ত চাপ পড়ে সেগুলোও স্থায়ীভাবে নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।

বুঝবেন কীভাবে কম্প্রেসার খারাপ হয়েছে?
আপনার এসির হার্ট বা কম্প্রেসার ঠিকঠাক কাজ করছে কি না, তা বোঝার কিছু লক্ষণ রয়েছে-
অস্বাভাবিক শব্দ: এসি থেকে হঠাৎ অদ্ভুত বা কর্কশ কোনো আওয়াজ আসতে শুরু করলে বুঝতে হবে কম্প্রেসারে সমস্যা তৈরি হয়েছে।
আরও পড়ুন: এসির তাপমাত্রা মাত্র ১ ডিগ্রি বাড়ালেই সাশ্রয় হবে হাজার টাকা
অতিরিক্ত কম্পন: যদি এসির আউটডোর ইউনিটে অস্বাভাবিক ভাইব্রেশন বা কম্পন দেখা দেয়, তবে এটি কম্প্রেসার বিকল হওয়ার আগাম লক্ষণ।
ঠান্ডা না হওয়া: এসি দীর্ঘক্ষণ চলার পরেও যদি ঘরের তাপমাত্রায় কোনো পরিবর্তন না আসে, তবে ধরে নিতে পারেন এর হৃদযন্ত্রটি ধুঁকছে।
গ্রীষ্মের এই সময়ে এসিকে সচল রাখতে এবং বড় ধরনের বিপদ এড়াতে কম্প্রেসারে কোনো সমস্যা দেখা দিলে দেরি না করে অভিজ্ঞ মেকানিকের পরামর্শ নেওয়া জরুরি। সঠিক রক্ষণাবেক্ষণই পারে আপনার এসির ‘হার্ট’ বা হৃদযন্ত্রকে দীর্ঘকাল সুস্থ রাখতে।
এজেড