তথ্যপ্রযুক্তি ডেস্ক
৩০ এপ্রিল ২০২৬, ০৪:০১ পিএম
প্রচণ্ড গরমে স্বস্তি পেতে এসির বিকল্প নেই। তবে মাস শেষে আকাশচুম্বী বিদ্যুৎ বিলের কথা ভেবে অনেকেই এসি চালাতে ভয় পান। বিল কমানোর জন্য অনেকে বারবার এসি বন্ধ করেন এবং চালু করেন। যা আসলে বিদ্যুৎ খরচ আরও বাড়িয়ে দেয়। অথচ আপনার এসির রিমোটেই লুকিয়ে আছে এমন একটি চমৎকার ফিচার। যা শীতলতা বজায় রেখেও বিদ্যুৎ বিল প্রায় অর্ধেক করে দিতে পারে। এই বিশেষ ফিচারটির নাম ‘১ ইউনিট মোড’।
আশ্চর্যের বিষয় হলো, প্রায় ৯০ শতাংশ এসি ব্যবহারকারী এই ফিচারটি সম্পর্কে জানেন না। চলুন জেনে নেওয়া যাক কীভাবে কাজ করে এই প্রযুক্তি এবং এটি ব্যবহারের সঠিক নিয়ম।
‘১ ইউনিট মোড’ আসলে কী?
‘১ ইউনিট মোড’ হলো এয়ার কন্ডিশনারের একটি সাশ্রয়ী ফিচার। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এসি একটি নির্দিষ্ট মাত্রার বেশি বিদ্যুৎ খরচ করতে না পারে। সাধারণ হিসেবে ১ ইউনিট বলতে ১ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার বোঝায়। এই মোড চালু থাকলে এসি এমনভাবে চলে যাতে এক ঘণ্টায় প্রায় ১ ইউনিটের মতো বিদ্যুৎ খরচ হয়। নির্দিষ্ট সীমা অতিক্রম করলে এটি স্বয়ংক্রিয়ভাবে কম্প্রেসর নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ সাশ্রয় করে।

কনভার্টিবল এসিতে এর ভূমিকা
বর্তমানে বাজারে থাকা ইনভার্টার বা কনভার্টিবল এসিতে এই ফিচারটি অত্যন্ত কার্যকর। অনেক সময় একে ‘১ টন মোড’ও বলা হয়। এর ফলে আপনার ১.৫ টনের এসি নিজের কুলিং ক্ষমতা কমিয়ে ১ টনের সমান করে নেয়। এতে ঘরের আয়তন অনুযায়ী প্রয়োজন না হলে বাড়তি বিদ্যুৎ খরচ হয় না।
কীভাবে কাজ করে এই প্রযুক্তি?
এই মোডটি এসির কম্প্রেসর এবং ফ্যানের গতিকে বুদ্ধিমত্তার সঙ্গে নিয়ন্ত্রণ করে। যখন এটি চালু করা হয়, তখন কম্প্রেসর সবসময় ফুল পাওয়ারে না চলে বরং ধীরে এবং একটি ভারসাম্যপূর্ণ গতিতে কাজ করে। ইনভার্টার এসির ক্ষেত্রে এই প্রযুক্তি আরও বেশি সুফল দেয়, কারণ এটি ঘরের তাপমাত্রার সাথে সামঞ্জস্য রেখে কম্প্রেসরের গতি কমিয়ে আনে।
আরও পড়ুন:
শীতলতার ওপর কি কোনো প্রভাব পড়ে?
১ ইউনিট মোডে কুলিং বা ঘর ঠান্ডা হওয়ার প্রক্রিয়া কিছুটা ধীর হতে পারে। তবে রাতে ঘুমানোর সময় যখন খুব বেশি ঠান্ডার প্রয়োজন হয় না, তখন এই ফিচারটি সবচেয়ে বেশি কার্যকর। তবে ঘরে যদি মানুষের সংখ্যা বেশি থাকে বা বাইরের তাপমাত্রা অত্যন্ত বেশি হয়, সেক্ষেত্রে এটি কিছুটা কম কার্যকর হতে পারে।

কখন ব্যবহার করবেন?
১. যখন দীর্ঘ সময় এসি চালাতে চান কিন্তু বিল কম রাখতে চান।
২. রাতে ঘুমানোর সময় যখন বাইরের তাপমাত্রা কিছুটা কমে আসে।
৩. ছোট ঘরে বা কম মানুষ থাকা অবস্থায়।
এসি ব্যবহারের এই ছোট কৌশলটি আপনার মাসের বিদ্যুৎ বিলে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। আজই আপনার এসির রিমোটে এই মোডটি পরীক্ষা করে দেখতে পারেন।
এজেড