images

তথ্য-প্রযুক্তি

সাইবার নিরাপত্তায় সরবরাহকারীদের ওপর আস্থা নেই ৯৫ শতাংশ প্রতিষ্ঠানের

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৭ এএম

সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ওপর এখনো পূর্ণ আস্থা রাখতে পারছে না সিংহভাগ প্রতিষ্ঠান। বিশ্বখ্যাত সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘সফোস’র সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, মাত্র ৫ শতাংশ প্রতিষ্ঠান তাদের সাইবার নিরাপত্তা সরবরাহকারীদের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। বাকি ৯৫ শতাংশ প্রতিষ্ঠানই কোনো না কোনোভাবে আস্থার সংকটে ভুগছে।

১৭টি দেশের ৫ হাজার প্রতিষ্ঠানের ওপর পরিচালিত ‘সাইবার সিকিউরিটি ট্রাস্ট রিয়েলিটি ২০২৬’ শীর্ষক এই প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি মূলত সাইবার নিরাপত্তায় নির্ভরতার ভূমিকা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং সিদ্ধান্ত গ্রহণে এর প্রভাব বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, বর্তমান সময়ে সাইবার হুমকি বৃদ্ধি, নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যাপক ব্যবহারের ফলে নিরাপত্তা সেবা প্রদানকারীদের ওপর নির্ভরতা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গবেষণায় দেখা গেছে, ৭৯ শতাংশ প্রতিষ্ঠান নতুন সাইবার নিরাপত্তা পার্টনারদের বিশ্বাসযোগ্যতা মূল্যায়নে সমস্যায় পড়ে। অন্যদিকে, বিদ্যমান সরবরাহকারীদের ক্ষেত্রে এই আস্থার সংকটে ভুগছে ৬২ শতাংশ প্রতিষ্ঠান। মূলত এই আস্থার অভাবেই ৫১ শতাংশ প্রতিষ্ঠান বড় ধরনের সাইবার আক্রমণের ঝুঁকি নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছে।

Sophos_img_2

গবেষণায় আরও দেখা যায়, প্রতিষ্ঠানের প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তারা (CISO) স্বচ্ছতা ও প্রযুক্তিগত পারফরম্যান্সকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। বিপরীতে, শীর্ষ ব্যবস্থাপনার কর্মকর্তারা গুরুত্ব দেন নিরাপত্তা যাচাই ও সার্টিফিকেশনের ওপর।

সফোস জানিয়েছে, সাইবার নিরাপত্তায় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার যত বাড়ছে, স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টি তত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তথ্যের স্বচ্ছতার এই ঘাটতি অনেক ক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে বাধা সৃষ্টি করছে। বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানটির অফিশিয়াল ‘সফোস ট্রাস্ট সেন্টার’ ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

এজেড