তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৮ এপ্রিল ২০২৬, ০৬:০৫ এএম
গ্রীষ্মকাল চলছে। গরমের তীব্রতায় নাভিশ্বাস উঠেছে জনজীবনের। প্যাচপ্যাচে গরম আর ঘাম থেকে বাঁচতে মধ্যবিত্তের ঘরে ঘরে এখন এয়ার কন্ডিশনার বা এসি কেনার প্রস্তুতি তুঙ্গে। তবে বাজারে গিয়ে ‘ইনভার্টার’ আর ‘ডুয়েল ইনভার্টার’ এসির ভিড়ে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। প্রযুক্তির বিচারে কোনটি বেশি উন্নত এবং আপনার বিদ্যুৎ বিল কমাতে কোনটি বেশি কার্যকর, তা জেনে নেওয়া জরুরি।
কী এই ডুয়াল ইনভার্টার প্রযুক্তি?
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ডুয়েল ইনভার্টার এসিতে অত্যন্ত উন্নত ‘ডুয়েল রোটারি মেকানিজম’ ব্যবহার করা হয়। সহজ ভাষায়, এর কম্প্রেসারে দুইটি রোটর থাকে, যা ঘরকে সাধারণ এসির তুলনায় অনেক দ্রুত ঠান্ডা করতে সক্ষম। সাধারণ নন-ইনভার্টার এসি যেখানে ঘরের তাপমাত্রা নির্দিষ্ট মাত্রায় পৌঁছালে কম্প্রেসার বন্ধ করে দেয় এবং পরে আবার চালু হয়, ডুয়েল ইনভার্টার সেখানে কম্প্রেসার বন্ধ না করে প্রয়োজন অনুযায়ী গতি নিয়ন্ত্রণ করে। এর ফলে বারবার মেশিন চালু-বন্ধ হওয়ার ঝামেলা থাকে না এবং ঘরের তাপমাত্রা সবসময় স্থিতিশীল থাকে।

বিদ্যুৎ সাশ্রয় ও দীর্ঘমেয়াদী লাভ
ডুয়েল ইনভার্টার এসির সবথেকে বড় আকর্ষণ হলো এর বিদ্যুৎ সাশ্রয় করার ক্ষমতা। সাধারণ এসির তুলনায় এই প্রযুক্তিতে প্রায় ৩০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হতে পারে। বিশেষ করে যারা দীর্ঘ সময় এসি চালান, মাসের শেষে তাঁদের বিদ্যুৎ বিলে বড়সড় স্বস্তি দিতে পারে এই মেশিন। এছাড়া দুইটি রোটর থাকায় লোড সমানভাবে বণ্টিত হয়, যার ফলে ৪৫ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও এই এসি ঘরকে দ্রুত ঠান্ডা করতে পারে।
আরও পড়ুন: উইন্ডো বনাম স্প্লিট এসি: দ্রুত শীতলতা ও দীর্ঘস্থায়ী সাশ্রয়ে কোনটি সেরা
শব্দহীন আরাম
স্মার্ট প্রযুক্তির এই এসিগুলো চলার সময় শব্দ হয় না বললেই চলে। কম্প্রেসরের মসৃণ কার্যকারিতার কারণে ঘর থাকে শান্ত ও কোলাহলমুক্ত। যদিও সাধারণ এসির তুলনায় এর দাম কিছুটা বেশি, তবে স্থায়িত্ব এবং বিদ্যুৎ বিলের সাশ্রয়ের কথা মাথায় রাখলে দীর্ঘমেয়াদে ডুয়েল ইনভার্টার এসি কেনাই লাভজনক। ফলে এই গরমে নতুন এসি কেনার পরিকল্পনা থাকলে পকেটের পাশাপাশি প্রযুক্তির এই পার্থক্যগুলো মাথায় রাখা বুদ্ধিমানের কাজ হবে।
এজেড