তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৭ এপ্রিল ২০২৬, ০২:২০ পিএম
মেটার একজন সাবেক প্রকৌশলীর বিরুদ্ধে ফেসবুক ব্যবহারকারীদের ৩০ হাজারেরও বেশি ব্যক্তিগত ছবি গোপনে ডাউনলোড করার অভিযোগ উঠেছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি নিয়ে বর্তমানে যুক্তরাজ্যে অপরাধ তদন্ত চলছে। অভিযুক্ত ওই কর্মী নিজের অপকর্ম লুকাতে বিশেষ ধরনের 'স্ক্রিপ্ট' ব্যবহার করেছিলেন বলে জানা গেছে।
যেভাবে ধরা পড়ল এই জালিয়াতি
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও বিবিসির প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ওই ইঞ্জিনিয়ার এমন এক পদ্ধতি বা স্ক্রিপ্ট তৈরি করেছিলেন, যা মেটার অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে কাজ করত। ফলে দীর্ঘ সময় ধরে তার এই কার্যক্রম অশনাক্ত অবস্থায় ছিল। তবে প্রায় এক বছর আগে মেটা বিষয়টি টের পায় এবং তাৎক্ষণিকভাবে ওই কর্মীকে চাকরিচ্যুত করে।
মেটার প্রতিক্রিয়া ও আইনি পদক্ষেপ
ঘটনাটি জানাজানি হওয়ার পর মেটা জানায়, তারা ক্ষতিগ্রস্ত ফেসবুক ব্যবহারকারীদের বিষয়টি অবহিত করেছে এবং নিজস্ব নিরাপত্তা প্রোটোকল আরও উন্নত করেছে। পরবর্তীতে মামলাটি যুক্তরাজ্যের পুলিশের কাছে হস্তান্তর করা হলে গত নভেম্বরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
মেটার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, "আমরা অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি শনাক্ত করার পরপরই ওই কর্মীকে বরখাস্ত করেছি, ব্যবহারকারীদের জানিয়েছি এবং বিষয়টি আইনপ্রয়োগকারী সংস্থাকে হস্তান্তর করেছি। চলমান তদন্তে আমরা পুলিশকে পূর্ণ সহযোগিতা করছি।"
মেটার নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ
ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় মেটার ব্যর্থতার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে মেটা এআই (Meta AI) চ্যাটবটের প্রম্পট জনসমক্ষে চলে আসা এবং হোয়াটসঅ্যাপের এনক্রিপ্টেড বার্তা কর্মীদের মাধ্যমে বিশ্লেষণের অভিযোগও উঠেছিল। এছাড়া গত মাসেই জানা গেছে, কেনিয়ার কিছু কর্মী ব্যবহারকারীদের অজান্তেই তাদের রে-ব্যান স্মার্ট চশমার ব্যক্তিগত রেকর্ডিং পর্যালোচনা করছিল, যা মূলত এআই প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছিল।
এজেড