নিজস্ব প্রতিবেদক
১০ এপ্রিল ২০২৬, ১০:২৪ এএম
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মোবাইল অ্যাপ ডেভেলপার, তরুণ উদ্ভাবক এবং প্রযুক্তি খাতসংশ্লিষ্টদের অংশগ্রহণে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড নাইট ২০২৬’।
অনুষ্ঠানে প্রযুক্তি ও ডিজিটাল ইকোসিস্টেমে অবদান রাখা প্রতিভাবান তরুণদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ ডেভেলপার তৈরি করতে দুই মাসব্যাপী ন্যাশনাল অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট বুটক্যাম্প (এনএডিবি) উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) রবি আজিয়াটার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়।
এবারের আয়োজনে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর চ্যাম্পিয়ন’ পুরস্কার পেয়েছেন খুলনার নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম। ক্যাম্পাসভিত্তিক সক্রিয় প্রযুক্তি কমিউনিটি গড়ে তোলা এবং শিক্ষার্থীদের ডিজিটাল উদ্ভাবনে উদ্বুদ্ধ করার স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মাননা লাভ করেন।
প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে অবদান রাখায় ‘শি স্কোয়াড চ্যাম্পিয়ন’ নির্বাচিত হয়েছেন ফারাহ সায়েদ আব্দুল বারী। এছাড়া বরিশালের মুহাম্মদ তাওসিফ হোসেন ‘ইমার্জিং ইন্ডিভিজুয়াল ডেভেলপার ২০২৫’ হিসেবে পুরস্কৃত হন। চট্টগ্রামের আবু বকর সিদ্দিকির তৈরি ‘বিয়ে বন্ধু’ অ্যাপ ‘ইমার্জিং অ্যাপ অব ২০২৫’ হিসেবে স্বীকৃতি পায়।
অনুষ্ঠানে তরুণদের দক্ষ অ্যাপ ডেভেলপার হিসেবে গড়ে তুলতে ন্যাশনাল অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট বুটক্যাম্পের উদ্বোধন করেন রবি আজিয়াটা পিএলসির হেড অব মার্কেটিং মোহাম্মদ শওকত কাদের চৌধুরী।
দুই মাসব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কারিগরি প্রশিক্ষণ, ব্যবসায়িক দিকনির্দেশনা, মেন্টরশিপ এবং হাতে-কলমে কাজ শেখার সুযোগ পাবেন। আগ্রহীরা বুটক্যাম্পের ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে ‘ইউথ-লেড ইনোভেশন: ড্রাইভিং বাংলাদেশস ডিজিটাল ফিউচার’ শীর্ষক একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এতে বক্তারা প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়ে তুলতে তরুণদের দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনী উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনায় অংশ নেন ওস্তাদ-এর সিওও সৌরভ বড়ুয়া, রবি আজিয়াটা পিএলসির পরিচালক মানিক লাল দাস, আইসিটি অলিম্পিয়াডের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহরিয়ার খান এবং মিয়াকির সহ-প্রতিষ্ঠাতা ও সিইও তানিম ইসলাম। আলোচনা সঞ্চালনা করেন মিয়াকির হেড অব ম্যানেজড সার্ভিসেস মো. আলতামিস নাবিল।
এ সময় আরও উপস্থিত ছিলেন রবি আজিয়াটা পিএলসির জেনারেল ম্যানেজার শফিক শামসুর রাজ্জাক, ম্যানেজার ফাতেমা নাশরাহ এবং সিনিয়র অ্যাসোসিয়েট খান মাহমুদা মালিহা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশের ডিজিটাল অগ্রযাত্রা ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এমআর/এএমআর