জ্যেষ্ঠ প্রতিবেদক
২৮ মার্চ ২০২৬, ০৬:০২ পিএম
দেশীয় সুপারশপ স্বপ্নের কাস্টমার ডেটাবেজ হ্যাকিংয়ের শিকার হয়েছে। ২০২৫ সালে স্বপ্ন থেকে যারা কেনাকাটা করেছেন তাদের তথ্য ফাঁস করা হয়েছে। এরইমধ্যে ডাটা ব্রিচ চেকারও প্রকাশ করেছে হ্যাকার দল। সেখানে দেখা যাচ্ছে, স্বপ্নতে কেনাকাটা করা ২৭ কোটি ৪০ হাজার ৪৭২টি ক্রয়তথ্য ফাঁস হয়েছে। এর মাধ্যমে ক্রেতাদের ২০ লাখ ৫৮ হাজার ৩৮৪টি ফোন নম্বর জনসম্মুখে প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে স্বপ্ন কর্তৃপক্ষ।
অনলাইনে ছড়িয়ে পড়া এই চেকারে অনেকেই নিজের নম্বর দিয়ে ফাঁস হয়েছে কি না তা যাচাই করে দেখছেন। চেকারটিতে ইতোমধ্যে লক্ষাধিক পেজ ভিউ হয়েছে। সেখানে ১৮ হাজারের বেশি মানুষ নিজের নম্বর চেক করে ছয় হাজারের বেশি বিপজ্জনক নম্বর পাওয়া গেছে।
এ বিষয়ে স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির ঢাকা মেইলকে বলেন, হ্যাকিংয়ের বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমে (সিটিটিসি) বিষয়টি জানিয়েছি। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।
তবে এই যাচাই করতে গিয়েও নতুন ডাটা ব্রিচ হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
স্বপ্নের রয়েছে অনলাইন এবং অফলাইন দুই রকমের প্লাটফর্ম। অবশ্য উভয় ডেটাবেজই এক। তাই স্বপ্নের অফলাইন-অনলাইন সব ক্রেতাই আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
টিএই/ক.ম