তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ১০:৫৪ এএম
অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বড় ধরনের নিরাপত্তা সতর্কবার্তা জারি করেছে টেক জায়ান্ট গুগল। ২০২৬ সালের মার্চ মাসের নতুন সিকিউরিটি আপডেটে অন্তত ১২৯টি নিরাপত্তা দুর্বলতা শনাক্ত ও সমাধান করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশেষ করে কোয়ালকম চিপসেট চালিত ফোনগুলো হ্যাকারদের কবলে পড়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে। এই ঝুঁকি এড়াতে দ্রুততম সময়ে নতুন সিকিউরিটি প্যাচ ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে।
গুগল এবং চিপসেট নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম উভয়েই জানিয়েছে, এই নিরাপত্তা ত্রুটিগুলো কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকেই ব্যবহারকারীর ডিভাইসের নিয়ন্ত্রণ নিতে পারে। এই ‘জিরো-ডে’ সমস্যার কারণে ডিভাইসের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নষ্ট হওয়াসহ ফোনটি অচল হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে।

কেন এই আপডেটটি গুরুত্বপূর্ণ?
গুগলের সিকিউরিটি বুলেটিন অনুযায়ী, এবারের আপডেটটি সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড়। এতে প্রায় ১২৯টি সুরক্ষা সংক্রান্ত ত্রুটি সংশোধন করা হয়েছে। এর মধ্যে কোয়ালকমের একটি নির্দিষ্ট কম্পোনেন্টের উচ্চমাত্রার ঝুঁকি (High Intensity Risk) সমাধান করা হয়েছে, যা ব্যবহারকারীদের অজান্তেই তাদের ফোনে সাইবার আক্রমণের পথ খুলে দিতে পারত।
কারা ঝুঁকিতে আছেন?
শুধুমাত্র কোয়ালকম নয়, Arm, MediaTek বা Unisoc হার্ডওয়্যার ব্যবহার করা সাশ্রয়ী বা বাজেট স্মার্টফোনগুলোও এই তালিকায় রয়েছে। মূলত গত কয়েক মাস ধরে লাখ লাখ ডিভাইস এই ঝুঁকির মুখে ছিল, যা বর্তমান আপডেটের মাধ্যমে সুরক্ষিত করা হয়েছে।

অ্যানড্রয়েড ফোন আপডেট করার নিয়ম:
আপনার স্মার্টফোনটি সুরক্ষিত আছে কি না তা নিশ্চিত করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
ফোনের Settings অপশনে যান।
System Update বা Software Update এ ট্যাপ করুন।
Check for update বাটনে ক্লিক করুন।
আরও পড়ুন: ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়
আপডেট উপলব্ধ থাকলে তা ডাউনলোড করে Install করুন।
আপডেট প্রক্রিয়া সম্পন্ন করতে ফোনটি একবার Restart বা রিবুট করুন।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সময়ে হ্যাকিংয়ের ঝুঁকি থেকে বাঁচতে নিয়মিত সফটওয়্যার আপডেট রাখা কেবল শখ নয়, বরং এটি একটি জরুরি প্রয়োজনীয়তা।
এজেড