images

তথ্য-প্রযুক্তি

ফোন চার্জ দেওয়ার সঠিক নিয়ম: ২০-৮০ ফর্মুলা না মানলে আয়ু হারাবে ব্যাটারি

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৭ মার্চ ২০২৬, ০১:০৮ পিএম

সারাদিন ব্যবহারের পর ফোনের চার্জ ফুরিয়ে যাওয়া আমাদের সবার জন্যই দুশ্চিন্তার কারণ। আর এই চিন্তা থেকেই অনেকে বারবার বা ঘন ঘন ফোন চার্জে বসান। কিন্তু আপনি জানেন কি, আপনার এই সামান্য অসতর্কতায় স্মার্টফোনের দামি ব্যাটারিটি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে? ব্যাটারি হেলথ বা কর্মক্ষমতা দীর্ঘকাল অটুট রাখতে চার্জ দেওয়ার সঠিক নিয়ম এবং সময় জানা অত্যন্ত জরুরি।

২০-৮০ শতাংশের গোল্ডেন রুল

স্মার্টফোন বিশেষজ্ঞদের মতে, ফোনের ব্যাটারি ভালো রাখার সবথেকে আদর্শ উপায় হলো '২০-৮০ শতাংশ ফর্মুলা' মেনে চলা। অর্থাৎ, ফোনের চার্জ ২০ শতাংশে নেমে এলে সেটি চার্জে বসানো উচিত এবং চার্জ ৮০ থেকে ৯০ শতাংশ হওয়ার পর প্লাগ খুলে নেওয়া ভালো। সবসময় ১০০ শতাংশ ফুল চার্জ করার চেয়ে এই সীমার মধ্যে রাখা ব্যাটারির কোষগুলোর (Battery Cells) ওপর চাপ কমায়।

আরও পড়ুন: মার্চেই স্মার্টফোন বাজারে ধামাকা! একগুচ্ছ নতুন ফোনের ফিচারে থাকছে চমক

ফাস্ট চার্জিং ও অতিরিক্ত তাপের ঝুঁকি

যাদের ফোনে ফাস্ট চার্জিং ফিচার রয়েছে, তাঁদের জন্য নিয়মটি আরও গুরুত্বপূর্ণ। ব্যাটারি শূন্য বা ০ শতাংশে নেমে এলে চার্জে বসালে ফোন দ্রুত গরম হয়ে যায়, যা ব্যাটারির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার ৮০ শতাংশের পর ফাস্ট চার্জিংয়ের গতি এমনিতেই কমে যায়, তাই সেই সময়ে চার্জে বসিয়ে রাখা খুব একটা কার্যকর হয় না।

ফোন দীর্ঘ সময় বন্ধ রাখলে করণীয়

আপনার যদি পরিকল্পনা থাকে যে ফোনটি দীর্ঘ সময় ব্যবহার করবেন না, তবে সেটি পুরোপুরি ফুল চার্জ বা একদম খালি অবস্থায় ফেলে রাখবেন না। অ্যাপলসহ বড় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর পরামর্শ অনুযায়ী, এমন ক্ষেত্রে ফোনটি ৫০ শতাংশ চার্জ করে বন্ধ করে রাখা উচিত। পাশাপাশি ফোনটি সবসময় ঠান্ডা ও শুষ্ক জায়গায় রাখা জরুরি। প্রতি ৬ মাস অন্তর একবার ফোনটি চালু করে চার্জ পরীক্ষা করা ভালো।

কিছু জরুরি সতর্কতা

ফোন চার্জে থাকা অবস্থায় ভারী কোনো কাজ বা গেম খেলা থেকে বিরত থাকুন।

ব্যাটারি ০ শতাংশ হয়ে ফোনটি নিজে থেকে বন্ধ হওয়ার আগেই চার্জে দিন।

সবসময় ফোনের সাথে আসা অরিজিনাল চার্জার বা ভালো ব্র্যান্ডের সার্টিফাইড চার্জার ব্যবহার করুন।

এজেড