তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৪ মার্চ ২০২৬, ০৫:৩৫ পিএম
স্পেনের বার্সেলোনায় ২-৫ মার্চ ২০২৬ পর্যন্ত আয়োজিত হচ্ছে বিশ্বের বৃহত্তম মোবাইল প্রদর্শনী 'মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস' ( এমডব্লিউসি)। এবারের আসরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), পরবর্তী প্রজন্মের সংযোগ মাধ্যম (৫জি/৬জি) এবং বৈচিত্র্যময় ফোল্ডেবল ডিভাইসের জয়জয়কার লক্ষ্য করা যাচ্ছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্যা ভার্জের প্রতিবেদনে প্রযুক্তি বিশেষজ্ঞ এন্ড্রু লিশজেউস্কির এক প্রতিবেদনে উঠে এসেছে এবারের প্রদর্শনীর সবচেয়ে চমকপ্রদ কিছু গ্যাজেট। এর মধ্যে রয়েছে রোবট ফোন, পানিতে ব্যবহারযোগ্য ফোল্ডিং স্মার্টফোন এবং পোর্ট পরিবর্তনের সুবিধাযুক্ত মডুলার ল্যাপটপ।

১. লেনোভো এআই ওয়ার্কমেট: আপনার টেবিলের রোবট সহকারী
লেনোভোর 'এআই ওয়ার্কমেট' কনসেপ্টটি এবারের প্রদর্শনীর অন্যতম আকর্ষণ। এটি দেখতে একটি ছোট রোবট বাহুর মতো, যাতে রয়েছে ডকুমেন্ট স্ক্যানিং ক্যামেরা, প্রজেক্টর এবং কৃত্রিম চোখের নড়াচড়া প্রদর্শনকারী একটি স্ক্রিন। এটি ভয়েস কমান্ডের মাধ্যমে নথিপত্র সারসংক্ষেপ করা, নোট গোছানো এবং সরাসরি দেয়ালে প্রেজেন্টেশন প্রজেক্ট করার মতো কাজগুলো নিমিষেই করতে পারে।
২. সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম সাউন্ড: অ্যাঙ্কার সাউন্ডকোর স্পেস ২
অডিও প্রেমীদের জন্য ১২৯.৯৯ ডলার মূল্যে অ্যাঙ্কার নিয়ে এসেছে 'সাউন্ডকোর স্পেস ২' হেডফোন। এতে থাকা উন্নত নয়েজ ক্যান্সেলেশন প্রযুক্তি উড়োজাহাজের ইঞ্জিনের মতো গভীর শব্দও শুষে নিতে সক্ষম। এছাড়া এর ব্যাটারি ব্যাকআপ বাড়িয়ে টানা ৫০ ঘণ্টা (ANC মোডে) করা হয়েছে।

৩. লেনোভো ও অ্যাংরি মিয়াও-এর যৌথ কিবোর্ড
চীনের 'অ্যাংরি মিয়াও'-এর সাথে মিলে লেনোভো তৈরি করেছে 'ইয়োগা ক্রিয়েটিভ কিবোর্ড'। এর বিশেষত্ব হলো এতে থাকা একটি কাস্টমাইজেবল 'নব' (Knob), যা পেশাদার এডিটর বা ডিজাইনারদের কাজকে আরও গতিশীল করবে।
প্রদর্শনীতে আরও যা নজর কেড়েছে:
মডুলার ফোন: স্মার্টফোন ব্র্যান্ড টেকনো (Tecno) একটি চমৎকার মডুলার ফোন প্রদর্শন করেছে, যার বিভিন্ন অংশ ব্যবহারকারী নিজের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারবেন।
কোয়ার্টি কিবোর্ড ফোন: যারা আজও ফিজিক্যাল কিবোর্ড মিস করেন, তাদের জন্য ইউনিহার্টজ (Unihertz) নিয়ে এসেছে ব্ল্যাকবেরি স্টাইলের নতুন স্মার্টফোন।
আরও পড়ুন: এমডব্লিউসি ২০২৬: মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন
অ্যাপলের নতুন ঘোষণা: অ্যাপল তাদের শক্তিশালী এম৫ (M5) প্রসেসর সমৃদ্ধ নতুন ম্যাকবুক এয়ার এবং আপডেট করা ম্যাকবুক প্রো সামনে এনেছে।
গুগলের ডেস্কটপ মোড: গুগল তাদের পিক্সেল ডিভাইসের জন্য নিয়ে এসেছে 'ডেস্কটপ মোড', যা স্মার্টফোনকে পূর্ণাঙ্গ কম্পিউটারের অভিজ্ঞতা দেবে।
স্মার্ট ক্লিনার: ঘরোয়া প্রযুক্তি কোম্পানি শার্ক (Shark) উন্মোচন করেছে ইউভি লাইট সমৃদ্ধ রোবট ভ্যাকুয়াম ক্লিনার, যা মেঝের অদৃশ্য দাগ শনাক্ত করতে সক্ষম।
এজেড