images

তথ্য-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে দারুণ চমক: মেসেজ থাকবে আড়ালে, ট্যাপ না করলে দেখা যাবে না

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৪ মার্চ ২০২৬, ০১:৫০ পিএম

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে এক অনন্য ফিচার। এবার মেসেজের নির্দিষ্ট কোনো অংশ বিশেষ পদ্ধতিতে লুকিয়ে রাখা যাবে, যা প্রাপক ক্লিক বা ট্যাপ না করা পর্যন্ত দৃশ্যমান হবে না। অনেকটা সামাজিক যোগাযোগ মাধ্যম 'রেডিট'-এর স্পয়লার অপশনের মতো এই ফিচারটি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা করছে মেটা-র মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি।

কী এই 'স্পয়লার' ফিচার?

সাধারণত গ্রুপ চ্যাটে কোনো সিনেমা, ওয়েব সিরিজ বা খেলার ফলাফল নিয়ে আলোচনা করার সময় অনেকেই চান না মূল তথ্যটি সবাই এখনই দেখে ফেলুক। এই সমস্যা সমাধানেই আসছে 'স্পয়লার' টেক্সট ফিচার। এর মাধ্যমে বার্তার একটি অংশ ধূসর প্রলেপ (Grey Overlay) দিয়ে ঢেকে রাখা যাবে। ফলে প্রাপক যদি লেখাটি পড়তে চান, তবে তাকে ওই নির্দিষ্ট অংশের ওপর ট্যাপ করতে হবে।

যেভাবে কাজ করবে এই সুবিধা

হোয়াটসঅ্যাপের বিটা সংস্করণ ট্র্যাককারী প্ল্যাটফর্ম 'ডব্লিউএবিটা-ইনফো' (WABetaInfo) জানিয়েছে, আইওএস (iOS) এবং অ্যান্ড্রয়েড—উভয় মাধ্যমেই এই ফিচারটি নিয়ে কাজ চলছে। একবার চালু হয়ে গেলে বোল্ড (গাঢ়), ইটালিক (বাঁকা) বা স্ট্রাইকথ্রু-এর মতো টেক্সট ফরম্যাটিং অপশনের সঙ্গেই এটি যুক্ত হবে। এছাড়া দ্রুত ব্যবহারের জন্য একটি শর্টকাট পদ্ধতিও থাকতে পারে। সেক্ষেত্রে লেখার আগে ও পরে দুটি করে খাড়া দাগ (যেমন: ||আপনার লেখা||) দিয়ে টেক্সটটিকে স্বয়ংক্রিয়ভাবে লুকিয়ে রাখা সম্ভব হবে।

WhatsApps-new-group-call-feature

গ্রুপ চ্যাটে বিশেষ কার্যকর

এই ফিচারের সবচেয়ে বড় সুবিধা পাওয়া যাবে গ্রুপ চ্যাটগুলোতে। অনেক সময় প্রিয় কোনো মুভি বা খেলার ফলাফল কেউ আগেভাগে দেখে ফেললে অন্যদের জন্য তা 'স্পয়লার' বা মজা নষ্টের কারণ হয়ে দাঁড়ায়। নতুন এই ফিচারের ফলে তথ্যটি গ্রুপে শেয়ার করলেও যারা তা পড়তে চান না, তারা লেখাটি এড়িয়ে যেতে পারবেন। যা তথ্যের ওপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণ আরও বাড়িয়ে দেবে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে মেসেজ শিডিউল করার উপায় আসছে

সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা

আপাতত এই স্পয়লার অপশনটি শুধুমাত্র টেক্সট বা বার্তার ক্ষেত্রে সীমাবদ্ধ থাকছে। ছবি, ভিডিও কিংবা ভয়েস নোটের ক্ষেত্রেও এই সুবিধা যুক্ত হবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। বর্তমানে বিটা সংস্করণে থাকা এই ফিচারটি খুব শীঘ্রই সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে।

এজেড