তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৪ মার্চ ২০২৬, ১১:১৯ এএম
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এলো বড় এক সতর্কবার্তা। এখন থেকে ফোনে সিম কার্ড সক্রিয় না থাকলে আর চালানো যাবে না হোয়াটসঅ্যাপ। ভারত সরকারের নির্দেশে 'সিম বাইন্ডিং' (SIM Binding) নিয়ম বাধ্যতামূলক করার ফলে আজ থেকেই দেশটির কয়েক কোটি ব্যবহারকারীর ক্ষেত্রে এই পরিবর্তন কার্যকর হতে শুরু করেছে। সাইবার অপরাধ ও জালিয়াতি রোধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
সিম বাইন্ডিং আসলে কী?
নতুন এই নিয়মের মূল কথা হলো—যে ফোনে হোয়াটসঅ্যাপ চলবে, সেই ফোনেই সংশ্লিষ্ট সিম কার্ডটি থাকতে হবে। আগে একবার ওটিপি (OTP) দিয়ে অ্যাকাউন্ট চালু করে নিলে সিম কার্ড খুলে ফেললেও হোয়াটসঅ্যাপ চালানো যেত। কিন্তু এখন থেকে অ্যাকাউন্টটি শুধুমাত্র ফোন নম্বরের সঙ্গেই নয়, বরং সরাসরি ফোনের সিম কার্ডের সঙ্গে যুক্ত থাকবে।
প্রতি ৬ ঘণ্টায় চলবে পরীক্ষা
টেলিযোগাযোগ বিভাগের নতুন নির্দেশনা অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এখন থেকে প্রতি ৬ ঘণ্টা অন্তর স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা করে দেখবে যে ফোনে সিম কার্ডটি আছে কি না। যদি ফোনে সিম কার্ড না পাওয়া যায়, তবে ব্যবহারকারীর অ্যাকাউন্টটি তাৎক্ষণিকভাবে 'লগ-আউট' হয়ে যাবে।
ডেস্কটপ ও ট্যাবলেটে প্রভাব
এই পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন যারা ল্যাপটপ বা কম্পিউটারে 'হোয়াটসঅ্যাপ ওয়েব' ব্যবহার করেন। এখন থেকে মূল ফোনটি (যেটিতে সিম আছে) কাছাকাছি না থাকলে বা তাতে সংযোগ না থাকলে প্রতি ৬ ঘণ্টা পরপর কম্পিউটার থেকে অ্যাকাউন্ট ডিসকানেক্ট হয়ে যেতে পারে। এছাড়া যেসব ট্যাবলেটে সিম কার্ড ব্যবহারের সুবিধা নেই, সেখানে বারবার ওটিপি দিয়ে অ্যাকাউন্ট যাচাই বা ভেরিফিকেশন করতে হবে।

কেন এই কড়াকড়ি?
গত এক বছরে সাইবার প্রতারণার মাধ্যমে হাজার হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। প্রতারকরা অনেক সময় অন্যের ওটিপি হাতিয়ে নিয়ে দূরবর্তী কোনো স্থান থেকে অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করত। নতুন এই 'সিম বাইন্ডিং' ব্যবস্থার ফলে যার কাছে আসল সিম কার্ডটি আছে, তিনিই কেবল অ্যাকাউন্ট চালাতে পারবেন। এতে ভুয়া অ্যাকাউন্ট তৈরি এবং জালিয়াতি করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে মেসেজ শিডিউল করার উপায় আসছে
ব্যবহারকারীদের করণীয়
১. নিশ্চিত করুন যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি যে নম্বরে খোলা, সেই সিম কার্ডটি আপনার ফোনেই লাগানো আছে।
২. বারবার সিম কার্ড পরিবর্তন করা থেকে বিরত থাকুন, অন্যথায় ডেটা সিঙ্ক বা তথ্য আদান-প্রদানে সমস্যা হতে পারে।
৩. অ্যাপল স্টোর বা প্লে-স্টোর থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি দ্রুত আপডেট করে নিন যাতে নতুন নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হয়।
এজেড